ইসরায়েল ‘সম্ভবত’ হামাস নেতা সিনওয়ারকে হত্যা করেছে: নেতানিয়াহু
গাজায় ধরাছোঁয়ার বাইরে থাকা ডি-ফ্যাক্টো হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার। তিনি হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই।
গাজায় ইসরায়েলের হামলায় ‘সম্ভবত’ নিহত হয়েছেন ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজায় ধরাছোঁয়ার বাইরে থাকা কার্যত (ডি-ফ্যাক্টো) হামাস নেতা ছিলেন সিনওয়ার। তিনি হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। হামাস নেতা ইয়াহিয়ার মৃত্যুর পর গত অক্টোবরে গাজায় হামাসের আসল নেতা হয়ে ওঠেন মোহাম্মদ সিনওয়ার।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “আমরা হাজার হাজার ‘সন্ত্রাসীকে’ নির্মূল করেছি। আমরা খুনিদের নেতাদের—দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে খতম করেছি।”
গত শনিবার রাত থেকে গাজায় আকাশপথে ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়। গাজার খান ইউনিস শহরে ইসরায়েল একটি ইউরোপীয় হাসপাতালে ব্যাপক হামলা চালিয়ে মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করেছিল।
এতে ২৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয় বলে জানিয়েছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর কয়েকটি ইসরায়েল এবং আরব সংবাদমাধ্যমে বলা হচ্ছিল, খান ইউনিসে সামরিক হামলায় হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে।
তবে তার ভাগ্যে আসলেই কী হয়েছিল তা তখন নিশ্চিত জানা যায়নি। সিনওয়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত হয়ে থাকলে তা হবে হামাসের একাধিক শীর্ষ নেতা হত্যার সর্বশেষ ঘটনা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী সিনওয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানালেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনও কথা বলেনি হামাস।
ইসরায়েলি কর্মকর্তারা মোহাম্মদ সিনওয়ারকে তার ভাই ইয়াহিয়ার মতোই কট্টরপন্থি বলে বিবেচনা করে। কিন্তু মোহাম্মদ সামরিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর তথ্যানুযায়ী, মোহাম্মদ সিনওয়ার ২০১৬ পর্যন্ত খান ইউনিস ব্রিগেডের কমান্ডার ছিলেন।
তিনিও তার ভাই ইয়াহিয়ার মতো ইসরায়েলে চালানো ৭ অক্টোবর হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী বলে বিশ্বাস ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর।
