রাশিয়ায় মানব পাচারে জড়িত চক্রের সন্ধান পেল ভারত
ভারতজুড়ে অন্তত ১৩টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। এখন পর্যন্ত অন্তত ৩৫ জনকে এ ভাবে পাচার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
বিদেশে লোভনীয় চাকরির টোপ দিয়ে ভারতীয়দের রাশিয়ায় নিয়ে গিয়ে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর ভারত এ কাজে নিয়োজিত ‘বড় ধরনের একটি মানব পাচার নেটওয়ার্কের’ সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।
ভারত জুড়ে অন্তত ১৩টি জায়গায় তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তারা জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনকে এ ভাবে বিদেশে পাচার করা হয়েছে বলে তারা নিশ্চিত।
এ সংখ্যা ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়ার আগের পরিসংখ্যান ২০ এর চেয়ে বেশি। আরও কত জন প্রতারিত হয়ে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে পৌঁছেছেন, তা বুঝতে তদন্ত চলছে।
সিবিআই বলছে, একটি সুসংহত চক্রের অধীনে মানবপাচারকারীরা একাধিক রাজ্য জুড়ে কাজ করছে। ইউটিউব চ্যানেল ও বিভিন্ন সমাজমাধ্যমে যেমন ভারতীয় তরুণদের রাশিয়ায় চাকরির লোভ দেখানো হচ্ছে, তেমনই স্থানীয় এজেন্টরাও এ ক্ষেত্রে জড়িত।
বিবিসি জানায়, একাধিক বেসরকারি ভিসা কনসালটেন্সি সংস্থা, এজেন্ট ও আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার মানব পাচারের মামলা দায়ের করে তদন্তে নেমেছে সিবিআই।
একই দিনে দিল্লি, তিরুঅনন্তপুরম, মুম্বই, অম্বালা, চণ্ডীগড়, মাদুরাই ও চেন্নাইয়ে তল্লাশি চালিয়ে সিবিআই নগদ প্রায় ৫০ লাখ রুপি, কিছু সন্দেহজনক নথিপত্র, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে।
সম্প্রতি মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে দুই ভারতীয় রাশিয়ায় যাওয়ার পর ইউক্রেইন যুদ্ধে মারা যাওয়ার খবর আসে। এরপরই সিবিআই ভারতজুড়ে এই তল্লাশি অভিযান চালাল। কয়েকজন সন্দেহভাজনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতারণার শিকার কয়েকজন ভারতীয়র একাধিক ভিডিও গতমাসেই প্রকাশ পেয়েছে। সেখানে তারা বলেছিলেন, কীভাবে দালালরা তাদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। এতে তাদের পরিবারও বড় ধাক্কা খেয়েছে। নিম্নবিত্ত এই ভারতীয়দের পরিবারের সদস্যরা অটোরিকশা চালিয়ে, চা বিক্রি করে কিংবা ঠেলাগাড়িতে পণ্য বিক্রি করে জীবনধারণ করে।
রুশ বাহিনীতে যোগ দেওয়া ভারতীয় ও তাদের পরিবারের অভিযোগ, সামরিক বাহিনীতে কয়েক মাস কাজের পর তাদেরকে রুশ পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়েছিল দালালরা। এর বিনিময়ে তাদের কাছ থেকে ৩ লাখ রুপি চায় তারা।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কয়েকজন ভারতীয় স্বেচ্ছায় ইউক্রেইনের সেনাবাহিনীতে যোগ দেয় বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতির এমন খবর এবারই প্রথম পাওয়া যায়।
সম্প্রতি প্রকাশ্যে আসে, সাত ভারতীয় পর্যটককেও জবরদস্তি ঢোকানো হয়েছে রুশ সেনাবাহিনীতে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইতপূর্বে পাচার হওয়া ২০ ভারতীয়কে রাশিয়া থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তারা। তবে আরও কতজন এ ভাবে ‘বন্দি’, তা জানা নেই। জনসাধারণকে সিবিআই হুঁশিয়ার করে বলেছে, তারা যেন এ ধরনের ফাঁদে পা না দেন।
