বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সীমান্তে সেনা পাঠাচ্ছে পোল্যান্ড
বেলারুশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
বেলারুশের সেনাবাহিনীর হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার নিজেদের পূর্ব সীমান্তে দ্রুত সেনা পাঠানোর কথা জানিয়েছে পোল্যান্ড।
তবে বেলারুশের সেনাবাহিনী এ ধরনের কোনও লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছে, সীমান্তে নিজেদের সেনা জড়ো করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি ন্যায়সঙ্গত বলে জাহির করতে পোল্যান্ড এ অভিযোগ করেছে।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য পোল্যান্ড। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর যুদ্ধে ইউক্রেইনকে সবচেয়ে জোরালো সমর্থন দিয়ে আসছে দেশটি।
অন্যদিকে, রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং মিত্র বেলারুশ।
পোল্যান্ড-বেলারুশ বর্তমান উত্তেজনার অন্যতম কারণ বেলারুশে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগানার গ্রুপের উপস্থিতি।
রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে দেড় দিনের এক বিদ্রোহের জেরে ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেলারুশে ওয়াগানার বাহিনীর উপস্থিতি পোল্যান্ড সরকারের ঘুম কেড়ে নিয়েছে। তার উপর বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাদের যৌথ সীমান্তের কাছে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি নিয়ে পোল্যান্ডকে কটূক্তি করেছেন।
মঙ্গলবার পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা ‘অতিরিক্ত বাহিনী এবং সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে, যেগুলোর মধ্যে যুদ্ধ হেলিকপ্টারও রয়েছে’।
আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নেটোকে অবহিত করার কথাও জানিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে তলব করা হয়েছে দেশটিতে বেলারুশের চার্জ ডি’অ্যাফেয়ার্স কে।
এদিকে পোলিশ সেনাবাহিনী প্রথমে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন হয়নি বলে জানিয়েছিল। কিন্তু পরে আলাপ আলোচনা শেষে বলেছে, খুবই কম উচ্চতায় ‘অনুপ্রবেশের ঘটনা ঘটায় রাডার দ্বারা আটকানো কঠিন’।
পোল্যান্ডের অভিযোগের জবাবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে টেলিগ্রামে এক পোস্টে বলা হয়, “বিদেশি প্রভুদের সঙ্গে পরামর্শ করার পর ওয়ারশো তাদের মন পরিবর্তন করেছে বলেই আপাততদৃষ্টিতে মনে হচ্ছে।”
