সৌদি আরবে আলোচনায় সুদানের যুদ্ধরত দুই পক্ষ
দুই পক্ষের খোলামেলা আলোচনায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পথ খুলবে, আশা রিয়াদ ও ওয়াশিংটনের।
কয়েকশ মানুষের প্রাণ কেড়ে নেওয়া, লাখো মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সুদানে যুদ্ধরত দুই পক্ষ মুখোমুখি আলোচনায় বসেছে।
সৌদি আরবের মধ্যস্থতায় শনিবার জেদ্দায় এ আলোচনা শুরু হয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দুই পক্ষের এই ‘দরকষাকষি পূর্ব আলোচনাকে’ স্বাগত জানিয়েছে।
বিবদমান দুই পক্ষের খোলামেলা আলোচনায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পথ খুলবে বলেও তাদের আশা।
গত মাসের মাঝামাঝি দুই পক্ষ সংঘাতে জড়িয়ে যাওয়ার পর একাধিক যুদ্ধবিরতি হলেও সেগুলো টেকেনি।
আলোচনায় আরএসএফের উপস্থিতির কথা নিশ্চিত করে বাহিনীটির নেতা মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার যে লক্ষ্য ঠিক হয়েছে, আলোচনায় তা অর্জন করা যাবে বলে তিনি প্রত্যাশা করছেন।
দুই পক্ষের সংঘাত এরই মধ্যে অন্তত সাড়ে পাঁচশ লোকের প্রাণ কেড়ে নিয়েছে, সোমবার পর্যন্ত ৪ হাজার ৯০০ আহতের খবর দিয়েছিল সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সৌদি আরবে দুই পক্ষের আলোচনার দিন শনিবারও সুদানের রাজধানী খার্তুমে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
তিন সপ্তাহের এই যুদ্ধ এরই মধ্যে প্রায় সাড়ে চার লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে। আশপাশের দেশগুলোতে আশ্রয়প্রার্থীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক মুখপাত্র জেমস এলডার কেবল খার্তুম আর দারফুরের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে আসা হিসাব দেখে সংঘাতের প্রথম ১১ দিনে আনুমানিক ১৯০টি শিশু মারা পড়েছে আর এক হাজার ৭০০ আহত হয়েছে বলে জানিয়েছেন।
“বাস্তব পরিস্থিতি এর চেয়েও অনেক অনেক খারাপ,” বলেছেন তিনি।
