১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইরানের কাছ থেকে চীন তেল কিনলে আপত্তি নেই ট্রাম্পের

বৈশ্বিক বাজারে ইরানি তেলের সরবরাহ উল্লেখযোগ্য বাড়তে পারে।

ইরানের কাছ থেকে চীন তেল কিনলে আপত্তি নেই ট্রাম্পের
ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 25 Jun 2025, 04:02 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছ থেকে চীন তাদের তেল কেনা চালিয়ে যেতে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ‘আশা’ করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ‘অনেক’ কিছু কিনবে।

ওপেক সদস্য ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তিন দিন পর চীনকে এ বার্তা দিলেন ট্রাম্প। 

মঙ্গলবার ট্রুথ সোশালে তিনি লেখেন, “চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে। আশা করি, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অনেক কিছু কিনবে।”

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের এ পোস্ট এল।  

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, তিনি পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে ইরানকে সর্বোচ্চ চাপে ফেলবেন। 

তিনি ইরানকে কেন্দ্র করে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর মধ্যে চীনের বেশ কয়েকটি তথাকথিত স্বাধীন ‘টিপট’ তেল শোধনাগার ও বন্দরের টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানও ছিল। ইরানের তেল কেনায় তারা এ নিষেধাজ্ঞার মুখে পড়ে।

ইরান থেকে তেল কেনার নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে মূলত মার্কিন ট্রেজারি বিভাগ, পররাষ্ট্র দপ্তর ও কংগ্রেস পদক্ষেপ নেওয়ার পর।

তবে ট্রাম্প প্রশাসন চাইলে এসব নিষেধাজ্ঞা কার্যকর নাও রাখতে পারে। ফলে বৈশ্বিক বাজারে ইরানি তেলের প্রবাহ উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চীন বা অন্যান্য দেশ ইরানের কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দিলে তা যুক্তরাষ্ট্রের মিত্র সর্বোচ্চ তেল রপ্তানিকারক সৌদি আরবকে ক্ষুব্ধ করে তুলতে পারে।