যুক্তরাষ্ট্রের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছিল চীনের হ্যাকাররা: এফবিআই
‘ভোল্ট টাইফুন’ নামের চীনা হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য হাতিয়ে নিতে পুরোনো শত শত অফিস রাউটার হ্যাক করেছে বলে জানান মার্কিন এই গোয়েন্দা সংস্থাটির পরিচালক।
পাওয়ার গ্রিড এবং পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ কিছু সরকারি অবকাঠামোতে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ঠ একটি গ্রুপের হ্যাকিংয়ের চেষ্টা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই একথা জানিয়েছে।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে ‘ভোল্ট টাইফুন’ নামের ওই হ্যাকার গ্রুপটিকে বন্ধে অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন আইনপ্রণেতাদেরকে।
তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য হাতিয়ে নিতে হ্যাকার গ্রুপটি পুরোনো শত শত অফিস রাউটার হ্যাক করেছে।
চীন সরকার অবশ্য এ অভিযোগ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি। চীন এর আগেও অন্যান্য দেশের বিরুদ্ধে তাদের রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপের সাইবার যুদ্ধের অভিযোগ অস্বীকার করেছিল। উল্টো যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বৃহত্তম হ্যাকিং সাম্রাজ্য’ এবং ‘বৈশ্বিক সাইবার চোর’ বলেও অভিযুক্ত করেছিল চীন।
বুধবার মার্কিন কংগ্রেসের এক কমিটিকে এফবিআই পরিচালক বলেন, চীন ইচ্ছাকৃতভাবে বৈরি সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামোকে পঙ্গু করার ছক কষছে।
বিবিসি জানায়, চীনের ভল্ট টাইফুন গ্রুপের হ্যাকিংয়ের চেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথম প্রকাশ্যে আসে গত মে মাসে। এই হ্যাকাররা সরকারের ইমেইল অ্যাকাউন্টসহ কয়েকটি সরকারি সম্পদকে লক্ষ্যবস্তু করেছে বলে মাইক্রোসফট সতর্ক করেছিল।
এফবিআই বলেছে, হ্যাকার গ্রুপটি পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, তেল এবং গ্যাস পাইপলাইনের পাশাপাশি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
ক্রিস্টোফার রে বলেন, হ্যাকাররা ম্যালওয়্যার স্থাপন করে এসব অবকাঠামোগত সম্পদের সঙ্গে যুক্ত শত শত পুরোনো রাউটারের দখল নিতে পেরেছে।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা সম্পর্কিত মার্কিন কংগ্রেসনাল কমিটিকে তিনি বলেন, ভোল্ট টাইফুনের ম্যালওয়্যারের মাধ্যমে চীন লুকিয়ে থেকে গুরুত্বপূর্ণ ওইসব প্রতিষ্ঠানের ওপর নজর রাখতে পারছে।
এ থেকেই দেখা যায় যে, হ্যাকাররা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের আক্ষরিক অর্থেই ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছে, বলেন ক্রিস্টোফার রে।
