২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী হওয়ার পরও ট্রাম্পকে রিপাবলিকান দাতাদের জোরাল সমর্থন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে সাবেক এই প্রেসিডেন্টকে লাখ লাখ ডলার দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তার রিপাবলিকান দলের দাতারা।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 31 May 2024, 05:06 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে জোরালো সমর্থন দিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির প্রধান দাতারা। 

যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পকে লাখ লাখ ডলার দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

নিউ ইয়র্কের আদালতে ছয় সপ্তাহের বিচার শেষে ১২ জুরি দুইদিনের আলোচনার পর ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি। তাছাড়া, এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে।

বৃহস্পতিবার মামলার বিচারের রায়ে আদালত ঘুষের ওই ঘটনা ধামাচাপা দিতে নথিপত্র জাল করার অপরাধে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। তাতে তার কারাদণ্ড হতে পারে।

রক্ষণশীল চিন্তাধারার অনেক রিপাবলিকান দাতাই ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখেন।  

ট্রাম্পের দাবি, নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট শিবির আইনি ঝামেলায় ফেলে তাকে দুর্বল করার চেষ্টা করছে। আর তার এ কথারই প্রতিধ্বনি করছেন রিপাবলিকান ওই দাতারা। তবে বাদীপক্ষের কৌঁসুলিরা এমন দাবি সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার জুরিরা ট্রাম্প দোষী বলে রায় জানানোর পর যেসব বড় দাতা তাকে জোর সমর্থন দিয়েছেন, তাদের মধ্যে আছেন ধনকুবের ক্যাসিনো ব্যবসায়ী মিরিয়াম অ্যাডেলসন ও হটলিয়ার রবার্ট বিগলো। 

তারা যে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তাতে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচার, দ্বারে দ্বারে ভোট চাওয়া এবং ফোন ব্যাংকিং সেবা ত্বরান্বিত হবে।

আদালতের রায়ের পর ট্রাম্পের দীর্ঘদিনের কিছু দাতা তার জন্য আর্থিক অনুদান আরও বাড়িয়েছেনও। অন্তত একটি ক্ষেত্রে এই দাতারা প্রথমবারের মতো বড় অঙ্কের অনুদান দিয়েছেন।

রবার্ট বিগলো ট্রাম্পের শীর্ষ সমর্থকদের একজন। ট্রাম্পকে সমর্থন দেওয়া একটি গোষ্ঠীকে তিনি এরই মধ্যে ৯০ লাখ ডলারের অনুদান দিয়েছেন। বিগলো বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া ‘মর্যাদাহানিকর’।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “আমি (সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার জন্য আরও ৫০ লাখ ডলার পাঠাচ্ছি।”

জ্যামাইকায় ট্রাম্প আমলের রাষ্ট্রদূত ডন টাপিয়া বলেছেন, তিনি এবং ছোট একটি পারিবারিক নেটওয়ার্ক ও বন্ধুরা মিলে নির্বাচনে ট্রাম্পকে সহায়তা করতে প্রায় আড়াই লাখ ডলার দেওয়ার পরিকল্পনা করেছেন।ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসার পর টাপিয়া রয়টার্সকে বলেন, তাদের লক্ষ্য আগামী কয়েক সপ্তাহে ট্রাম্পপন্থি এমএজিএ ইনকরপোরেট গ্রুপকে ১০ লাখের বেশি ডলার দেওয়া। ট্রাম্পের জন্য তারা সবকিছুই করবেন বলে জানিয়েছেন টাপিয়া।

ওদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেট টুইটার) এক পোস্টে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী শন ম্যাগুয়ার সহায়তা হিসাবে ট্রাম্পকে তিন লাখ ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, “ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র হিসাবে আমাদের বিচার ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে বলেই আমি বিশ্বাস করি।”