১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজায় ‘ট্যাংকের গোলায়’ ৫ ইসরায়েলি সেনা নিহত

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি একসঙে্গ সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:25 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি ছিটমহল গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি একসঙে্গ সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা। 

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ভুলক্রমে ইসরায়েলি বাহিনীর ট্যাংক থেকে ছোড়া গোলা ওই সেনাদের ওপর গিয়ে পড়ে, এতে তারা নিহত হয়।  

বুধবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় এ ঘটনা ঘটে। এখানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। 

এর আগে ইসরায়েলি বাহিনী জাবালিয়া ছেড়ে গেছিল, কিন্তু চলতি সপ্তাহে তারা আবার শহরটিতে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের যোদ্ধারা এখানে ফের সংগঠিত হয়েছে। 

শনিবার জাবালিয়ায় বিমান হামলা চালিয়ে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। তখন থেকে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে গেছে। সোমবার ইসরায়েলি সেনারা ফের জাবালিয়ায় প্রবেশ করে। 

গত কয়েকদিন ধরে এখানে ও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়ে আছে। 

জাতিসংঘ জানিয়েছে, রাফায় লড়াই শুরু হওয়ার পর থেকে প্রায় ছয় লাখ ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে গেছে আর উত্তরাঞ্চলে লড়াই শুরু হওয়ার পর থেকে আরও এক লাখ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে।