২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে কেবল কারে আটকা ২ শিশু উদ্ধার, রাতভর চলবে অভিযান

পাকিস্তান সেনাবাহিনীর দুইটি এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 09:27 PM

Updated : 22 Aug 2023, 09:27 PM

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার ১২০০ ফুট উপরে ঝুলন্ত কেবল কারে আটকা পড়া আটজনের মধ্যে দুইটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হুসেইন দৈনিক ডন কে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম শিশুটিকে একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে আনা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ওই শিশুটিকে উদ্ধার করে।

দ্বিতীয় শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কেপি রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল ফাইজি এবং হাজারা পুলিশের উপ-মহাপরিদর্শক তাহির আইয়ুব খান।

ঘটনাস্থলে উপস্থিত ডন নিউজের একজন সংবাদদাতা জানান, স্পেশাল সার্ভিসেস গ্রুপ-এসএসজির কমান্ডোরা এই উদ্ধার অভিযান পরিচালনা করে এবং দ্বিতীয় শিশুটিকে কাছের একটি অস্থায়ী হেলিপ্যাডে নামিয়ে আনে।

সেখানে তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান ওই সংবাদদাতা। সেগুলোর দুইটি সেনাবাহিনীর এবং একটি পাকিস্তান বিমান বাহিনীর।

অন্ধকার নেমে আসায় ফ্লাসলাইট এবং আলোর অন্যান্য ব্যবস্থার মাধ্যমে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহশিলে কেবল কার আটকে যাওয়ার ঘটনাটি ঘটে। ছয় স্কুলশিশু ও দুই স্থানীয় বাসিন্দাকে নিয়ে কারটি গন্তব্যের পৌঁছানোর আগেই মাঝপথে এর দুটি তার ছিঁড়ে যায়।

তারপর থেকে সেটি আরোহীদের নিয়ে উপত্যকার ১২০০ ফুট উপরে ঝুলে আছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয় এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কমান্ডোদের মোতায়েন করা হয় বলে জানিয়েছে ডন নিউজ টেলিভিশন।

আল্লাই তেহশিলের চেয়ারম্যান মুফতি গুলামুল্লাহ জানিয়েছেন, পার্বত্য এলাকার লোকজন ওই এলাকায় থাকা কয়েকটি পাহাড়ি নদী পার হওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে পরিচালিত ওই কেবল কার ব্যবহার করে। তাদের চলাচলের জন্য রাস্তা বা সেতুর মত বিকল্প কিছু নেই।

প্রাদেশিক দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুল বাসিত খান জানিয়েছেন, কেবল কারটি এখন একটি মাত্র তারের ওপর নির্ভর করে ঝুলে আছে। 

কেবল কারে থাকা গুলফরাজ (২০) নামের এক আরোহী ফোনে জিও নিউজকে বলেছেন, আটকে পড়া শিশুদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন তিন ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে ছিল।

তিনি জানান, তাদের কাছে কোনো খাবার বা পানি নেই। এলাকার লোকজন নিকটবর্তী পাহাড়ে ভিড় করেছে আর কাঁদছে।

“খাবার পাব কই? পানি খুব দরকার। মোবাইলের চার্জও ফুরিয়ে যাচ্ছে,” বলেন তিনি।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার আটকে পড়া শিশু ও অন্যদের অবিলম্বের উদ্ধারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।