২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে ঊষ্ণ বছর হতে পারে ২০২৪, জুনে রেকর্ডভাঙা গরম

অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বাড়তে থাকার ফলে ২০২৪ বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন কিছু বিজ্ঞানী।

বিশ্বের সবচেয়ে ঊষ্ণ বছর হতে পারে ২০২৪, জুনে রেকর্ডভাঙা গরম
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 08 Jul 2024, 06:28 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

গরমে আগের সব রেকর্ড ভেঙেছে গত মাসে। এবছর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম জুন দেখেছে বিশ্ব। 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) সোমবার মাসিক এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বাড়তে থাকার ফলে ২০২৪ বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন কিছু বিজ্ঞানী।

২০২৩ সালের জুন থেকে এ পর্যন্ত টানা ১৩ মাস তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছে।

বার্কলে আর্থের গবেষক জেকে হাউসফেদার বলেন, “উনবিংশ শতাব্দীর মধ্যভাগে তাপমাত্রা রেকর্ড করা শুরু হয়। এরপর থেকে সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৩। কিন্তু এ বছর গরম দেখে আমার মনে হচ্ছে, ২০২৩ সালকেও ছাড়িয়ে যেতে পারে ২০২৪ সালের ঊষ্ণতা, এমন আশঙ্কা ৯৫ শতাংশ।”

বিশ্বজুড়ে পরিবর্তিত জলবায়ু এরই মধ্যে এবছর বিপর্যয়কর পরিণতি ঢেকে এনেছে।  গত মাসে পবিত্র হজ পালনের সময় ভয়াবহ গরমে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

নয়া দিল্লিতে লম্বা সময় ধরে নজিরবিহীন তাপপ্রবাহের কারণে সেখানেও অনেক মানুষের মৃত্যু হয়েছে। গ্রিসেও এ বছর নজিরবিহীন তাপমাত্রা দেখা গেছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্র্যানথাম ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী ফ্রেডেরিক ওটো বলেন, ২০২৪ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ আছে। 

তিনি বলেন, “এল নিনো     প্রাকৃতিক। এটি আসবে-যাবে। আমরা এল নিনো ঠেকাতে পারব না। তবে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা পোড়ানো বন্ধ করতে পারি।”