০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ভারত ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’, প্রজাতন্ত্র দিবসে বললেন শি

নয়া দিল্লি ও বেইজিংয়ের ইতিবাচক সম্পর্ককে বোঝাতে গিয়ে তিনি ‘ড্রাগন, হাতি একসঙ্গে নাচছে’ এমন রূপকও হাজির করেছেন।

ভারত ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’, প্রজাতন্ত্র দিবসে বললেন শি
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। 

সোমবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে শি-র এই শুভেচ্ছা বার্তার কথা জানানো হয়। 

শি বলেছেন, গত বছরজুড়ে চীন ও ভারতের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর ‘গুরুত্বপূর্ণ তাৎপর্য’ রয়েছে, সিনহুয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বেইজিং বিশ্বাস করে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ থাকা সবসময়ই ভারত ও চীন উভয়ের জন্য সেরা পথ, বলেছেন চীনা প্রেসিডেন্ট। 

নয়া দিল্লি ও বেইজিংয়ের ইতিবাচক সম্পর্ককে বোঝাতে গিয়ে তিনি ‘ড্রাগন, হাতি একসঙ্গে নাচছে’ এমন রূপকও হাজির করেছেন।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এ শীর্ষ আরও বলেন, স্বাস্থ্যকর ও স্থিতিশীল সম্পর্কের জন্য উভয় পক্ষ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও সহযোগিতা বাড়াবে এবং একে অপরের উদ্বেগগুলোকে বিবেচনায় নেবে বলে তিনি আশাবাদী। 

পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীর মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঠিকঠাক চিহ্নিতও নয়। সীমানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধও চলছে ১৯৫০-এর দশক থেকে।  

২০২০ সালে গালওয়ানে সংঘর্ষে ২০ ভারতীয় ও ৪ চীনা সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি দেখা যায়। এরপর উভয় দেশই হিমালয়ের ওই সীমান্তে ব্যাপক অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন করতে থাকে।  

উচ্চপদস্থ কর্মকর্তাদের একের পর এক দ্বিপাক্ষিক সফরের পর গত বছর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। 

গত বছর তারা একে অপরের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালুও করেছে; মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মারমুখো পররাষ্ট্রনীতির কারণে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও ক্রমশ বাড়িয়ে চলছে।