সুইজারল্যান্ডে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত
বিক্ষোভে প্রায় ৫ হাজার মানুষ অংশ নিয়েছিল, ভিড় সরাতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়েছে।
সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ফিলিস্তিনপন্থি কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ কর্মকর্তা ও কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবারের ওই বিক্ষোভের অনুমতিও ছিল না, বলেছে তারা।
পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও নানান কিছু ছোড়া শুরু করেন, রোববারের সংবাদ সম্মেলনে পুলিশ এমনই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসআরএফের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ৫ হাজার মানুষ অংশ নিয়েছিল, ভিড় সরাতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও জলকামানও ব্যবহার করতে হয়েছে।
“বিক্ষোভকারীদের আচরণই পুলিশকে জোরপূর্বক ব্যবস্থা নিতে বাধ্য করেছে,” রোববার বার্ন পুলিশের আঞ্চলিক উপপ্রধান মিখায়েল বেটশেন।
সংঘর্ষের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুইজারল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বিরল। তবে গত ২ অক্টোবর জেনিভাতেও ফিলিস্তিনিপন্থি এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সুইজারল্যান্ডে সক্রিয় ফিলিস্তিনপন্থি একাধিক গোষ্ঠী বার্নের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। সংঘাতে রাজধানীর অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভবনের জানালা ভেঙেছে, বহু ভবনে গ্রাফিতি আঁকা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন সুইস ফ্রাঁ হতে পারে বলে এসআরএফের প্রতিবেদনে অনুমান করা হয়েছে।
শনিবার বিক্ষোভ চলাকালে পুলিশ এক্সে দেওয়া পোস্টে পরিস্থিতি ‘উত্তপ্ত’ বলে জানিয়েছিল। বিক্ষোভে অংশ নেওয়া অনেকে মুখোশ পরে ছিলেন, তারা ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছেন।
এদিকে গাজায় চতুর্থ দিনের মতো ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চলছে। চুক্তি অনুযায়ী সোমবার ইসরায়েলের কাছে বন্দি প্রায় দুই হাজার ফিলিস্তিনির বিনিময়ে হামাস তাদের হাতে আটক থাকা সব জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা। পরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
