পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পাঁচ মাসে ধর্ষণ ২,৪৫৪: দাবি তৃণমূলের
এই পরিসংখ্যান তুলে ধরে ভারতের এই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবিও জোরালো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের পাঁচ মাসের শাসনে ২,৪৫৪টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস।
এই পরিসংখ্যান তুলে ধরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবিও জোরালো হয়েছে। তৃণমূলের দাবি, পাঁচ মাসে প্রতিদিন গড়ে প্রায় ১৬টি করে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে।
বুধবার বিধানসভার বাইরে সংবাদ সম্মেলন করে এই পরিসংখ্যান সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং তার আইনজীবী অর্ক নাগ।
তথ্য জানার অধিকার আইনে উঠে আসা 'স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো'র (এসসিআরবি) পরিসংখ্যান সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন তারা ৷
তৃণমূলের বক্তব্য অনুযায়ী, মে মাস থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ মাস সময়ে রাজ্যে ২,৪৫৪টি ধর্ষণ মামলা, ৬০০টি খুন, ১৩,১১৪টি খুনের চেষ্টা এবং ৩২,৩৪১টি গুরুতর আঘাতের মামলা নথিভুক্ত হয়েছে।
দলের দাবি, এই পরিসংখ্যান রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। সে কারণেই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সামাজিক মাধ্যমে এই পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
তার দাবি, হিসাব করলে দেখা যায় প্রতিদিন গড়ে প্রায় ১৬টি ধর্ষণ, চারটি খুন, ৮৭টি খুনের চেষ্টা এবং ২১৬টি গুরুতর হামলার ঘটনা ঘটেছে। অভিষেক এই পরিস্থিতি নিয়ে বিজেপি’র বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন।
একই পরিসংখ্যান সামনে রেখে রাজ্য সরকারকে নিশানা করে তোপ দাগেন কুণাল ঘোষও। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বাংলায় এখন স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই।
পুলিশ রাজ, গুন্ডা রাজ এবং জঙ্গলের রাজত্ব চলছে বলেও তীব্র আক্রমণ করেন কুণাল। তার প্রশ্ন, এতগুলো গুরুতর অপরাধের পরও রাজ্যপাল কী করছেন, কেন্দ্রের নজর কোথায় এবং এই পরিসংখ্যান কি তাদের কাছে পৌঁছেছে?
পাশাপাশি রাজ্যে রাজনৈতিক চাপ এবং থানায় সাধারণ মানুষের অভিযোগ জানানোর ক্ষেত্রে সমস্যার অভিযোগও করেন তিনি।
ওদিকে, কেবল সরকারি পরিসংখ্যান নয়, অভিযোগ নথিভুক্ত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের হয়ে একাধিক মামলা লড়া আইনজীবী আরাক নাগ ৷
তার অভিযোগ, অনেক ক্ষেত্রেই পুলিশ অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে চায় না ৷ কোনও কোনও ক্ষেত্রে অভিযোগ গ্রহণ না করার অভিযোগও রয়েছে ৷ তার মতে, সব অভিযোগ যদি যথাযথভাবে নথিভুক্ত হলে সরকারি পরিসংখ্যান আরও বাড়তে পারত।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর এন রবির কাছেও প্রকাশ্যে বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। দলের দাবি, রাজ্যে অপরাধের পরিসংখ্যান বৃদ্ধির কারণ সম্পর্কে সরকারের ব্যাখ্যা প্রয়োজন।
তবে তৃণমূলের অভিযোগ খারিজ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের বঙ্গের মুখ্য মুখপাত্র দেবজিৎ সরকার দাবি করেন, এই পরিসংখ্যান মূলত বিজেপি সরকারের আমলে অভিযোগ গ্রহণ এবং নথিভুক্ত করার ক্ষেত্রে আরও স্বচ্ছতার ফল।
তার কথায়, আগের সরকারের সময়ে যে অভিযোগগুলো যথাযথভাবে নথিভুক্ত হত না, বর্তমান সরকার সেগুলো গ্রহণ করে রেকর্ডে রাখছে এবং সে কারণেই সংখ্যাগুলো সামনে আসছে। তার দাবি, অভিযোগ নথিভুক্ত করে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়াই সুশাসনের অংশ।
