ক্রান্তীয় ঝড় নালজিতে ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ৯৮
শেষ খবর পর্যন্ত প্রায় ৬৩ জন নিখোঁজ রয়েছে এবং ৬৯ জন আহত হয়েছে বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।
ফিলিপিন্সজুড়ে ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত দুর্যোগ সংস্থা সংস্থা জানিয়েছে, দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোতে অর্ধেকেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আর বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ভূমিধসের কারণে ঘটেছে।
শেষ খবর পর্যন্ত প্রায় ৬৩ জন নিখোঁজ রয়েছে এবং ৬৯ জন আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বাংসামোরো অঞ্চলে ৫৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে আর এখনো ২২ জন নিখোঁজ রয়েছে, এক বুলেটিনে জানিয়েছে তারা।
ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এক কোটি ৩০ লাখ এবং কৃষির ক্ষতি ৭৫ লাখ ডলার ছাড়িয়ে গেছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সোমবার হেলিকপ্টারে করে রাজধানী ম্যানিলার নিকটবর্তী কাবিতে প্রদেশের বন্যা কবলিত গ্রামগুলো পর্যবেক্ষণ করবেন। তিনি বাংসামোরো অঞ্চলের মাগিন্দানাও প্রদেশসহ বিভিন্ন এলকায় বহু মানুষের মৃত্যু হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।
ক্রান্তীয় ঝড় নালজি শনিবার স্থানীয় সময় ভোররাতে পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের (একটা দ্বীপ) উপকূল দিয়ে স্থলে উঠে আসে, এ সময় ঝড়টি ঘণ্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বইছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বাড়ছিল। এরপর সারাদিন ধরে ঝড়টি এগিয়ে যাওয়ার পথে কয়েকবার সাগরে নেমে আবার স্থলে উঠে আসে, এ সময় এর দমকা হাওয়ার বেগ কিছুটা কমে ঘন্টায় ১৩০ কিলোমিটারে দাঁড়ায়।
হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশ ফিলিপিন্সে নালজি মোট পাঁচবার সাগর থেকে স্থলে উঠে আসে। ঝড়টি সোমবার ফিলিপিন্স ছেড়ে দক্ষিণ চীন সাগর হয়ে চীনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গড়ে প্রতি বছর ২০টির মতো টাইফুন ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে যায়। এতে দেশটিতে নিয়মিতই ভূমিধস ও বন্যার মতো ঘটনা ঘটে।
আগের খবর:
