ক্রান্তীয় ঝড় নালজি: ফিলিপিন্সে বন্যা, ভূমিধসে ৪৫ মৃত্যু
ঝড়টির প্রভাবে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও এর নিকটবর্তী প্রদেশগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার দেশটির দুর্যোগ সংস্থা মাঠে থাকা কর্মীদের প্রতিবেদন পর্যালোচনার পর মৃতের সংখ্যা ৭২ থেকে কমিয়ে ৪৫ জন করেছে এবং ১৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।
ম্যানিলার মেয়র দপ্তর জানায়, রাজধানীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রাখা হয়েছে।
ম্যানিলার মেয়র হানি লেকুউনা পাঙান শহরের গোরস্তানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অল সেইন্টস ডে ও শনিবারের সাপ্তাহিক ছুটির মধ্যে এসব গোরস্তান পরিদর্শন করতে লাখ লাখ মানুষ আসবে বলে ধারণা করা হচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রান্তীয় ঝড় নালজি শনিবার স্থানীয় সময় ভোররাতে পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের (একট দ্বীপ) উপকূল দিয়ে স্থলে উঠে আসে, এ সময় ঝড়টি ঘণ্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বইছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বাড়ছিল। এরপর সারাদিন ধরে ঝড়টি এগিয়ে যাওয়ার পথে কয়েকবার সাগরে নেমে আবার স্থলে উঠে আসে, এ সময় এর দমকা হাওয়ার বেগ কিছুটা কমে ঘন্টায় ১৩০ কিলোমিটারে দাঁড়ায়।
ঝড়টির প্রভাবে শনিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও এর নিকটবর্তী প্রদেশগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এটি দেশটির প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাবে বলে সর্বশেষ বুলেটিনে জানিয়েছে ফিলিপিন্সের রাষ্ট্রায়ত্ত আবহাওয়া সংস্থা। এ সময় ম্যানিলা ও সংলগ্ন প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে তারা।
এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ এবং ফিলিপিন্সমুখি ও দেশটি থেকে রওনা হওয়ার কথা থাকা আন্তর্জাতিক ১১৬টি ফ্লাইট বাতিল করেছে।
কোস্টগার্ড জানিয়েছে, বন্দরগুলোতে ৭৫০০ যাত্রী, চালক ও মালবাহী কুলি এবং ১০৭টি জলযান আটকা পড়েছে।
সরকারি সংস্থাগুলো দুর্যোগে পড়া পরিবারগুলোকে ত্রাণ ও তৈরি খাবারের প্যাকেট দিচ্ছে বলে এক টুইটে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
কোস্ট গার্ডের সদস্যরা বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের বুক সমান পানির মধ্য দিয়ে সরিয়ে নিয়ে যায়।
অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে। এখানে শেষ খবর পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তা বেরনার্দো রাফায়েলিতো আলিহ্যান্দ্রো ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, সুলতান কুদারাত প্রদেশে ২ জনের এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশ আরও দুই জনের মৃত্যু হয়েছে; বাকি মৃত্যুর ঘটনাগুলো মধ্যাঞ্চলীয় ভিসাইয়াস অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘটেছে।
শুক্রবার তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো বন্যার পানি ও ভূমিধসে নেমে আসা ঘন কাদার স্রোতের ভেতর থেকে বহু মৃতদেহ উদ্ধার করেছে।
গড়ে প্রতি বছর ২০টির মতো ক্রান্তীয় ঝড় ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে যায়।
আগের খবর:
