১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তদারকি করলেন কিম জং উন

ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের উপর দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানে।

উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তদারকি করলেন কিম জং উন
ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত হানার পর উত্তর কোরিয়ার নেতা কিম ‘গভীর সন্তুষ্টি’ প্রকাশ করেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 03:04 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কয়েকটি দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকি করেছেন। 

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ সোমবার জানায়, রোববারের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও পাল্টা আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত থাকার সম্পূর্ণতা নিশ্চিত করেছে।    

রয়টার্স লিখেছে, ২০২৬ সালের প্রথমদিকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তার আগে দেশটির অর্থনৈতিক ও সামরিক অগ্রগতির ওপর জোর দিয়েছেন নেতা কিম। এর অংশ হিসেবেই এই উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। 

কেসিএনএ জানিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের উপর দিয়ে তাদের কক্ষপথ ধরে এগিয়ে লক্ষ্যে আঘাত হানার পর কিম ‘গভীর সন্তুষ্টি’ প্রকাশ করেছেন।  

“নিয়মিতভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধের উপাদনগুলির নির্ভরযোগ্যতা ও দ্রুত প্রতিক্রিয়ায় পরীক্ষা বহুমুখি হুমকির মুখে একটি দায়িত্বশীল অনুশীলন,” বলে মন্তব্য করেছেন তিনি।

উত্তর কোরিয়া তার পারমাণবিক লড়াই সক্ষমতার ‘সীমাহীন’ উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছেন তিনি, জানিয়েছে কেসিএনএ।   

সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাদের সামরিক বাহিনী অনেকগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে।