১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের রিওতে পুলিশের অভিযানে মৃত বেড়ে ১৩২

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের (কপ৩০) সঙ্গে সম্পর্কিত কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানকে সামনে রেখে বড় অপরাধী দলগুলোর বিরুদ্ধে এ অভিযানে নামে পুলিশ।

ব্রাজিলের রিওতে পুলিশের অভিযানে মৃত বেড়ে ১৩২
সন্দেহভাজন মাদক কারবারিদের ধরে নিয়ে যাচ্ছে ব্রাজিলের পুলিশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে রক্তক্ষয়ী পুলিশি অভিযানে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে শহরটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

অভিযানের একদিন পর বুধবার তারা নিহতের এ সংখ্যা দিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

যেখানে অভিযান হয়েছে তার আশপাশের সড়কগুলোতে এদিন অনেক মৃতদেহ পড়ে থাকতে এবং শোকার্তদের জড়ো হতে দেখা গেছে। 

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের (কপ৩০) সঙ্গে সম্পর্কিত কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানকে সামনে রেখে বড় অপরাধী দলগুলোর বিরুদ্ধে এ অভিযানে নামে রিও’র পুলিশ।

রয়টার্স লিখেছে, রিওতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর আগে আগে পুলিশ প্রায়ই অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ ধরনের বড় অভিযান পরিচালনা করে। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি ২০১৬-র বিশ্ব অলিম্পিক, ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন ও চলতি বছরের জুলাইয়ে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছিল।

কয়েক দিন পরই সেখানে জলবায়ু সঙ্কট মোকাবেলা নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মেয়রদের শীর্ষ সম্মেলন ‘সি৪০’ ও ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের ‘আর্থশট পুরস্কার’ প্রদান অনুষ্ঠান হওয়ার কথা। প্রিন্স উইলিয়ামের ওই অনুষ্ঠানে পপ তারকা কাইলি মিনোগ এবং ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের মতো খ্যাতিমানদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দুই পক্ষের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই থামার পর রয়টার্সের এক সাংবাদিক পুলিশের একটি স্পেশাল অপারেশন ইউনিটের সদস্যদের বহু শার্ট ছাড়া পুরুষকে ধরে এক জায়গায় জড়ো করে রাখতে দেখেছেন। 

আহতদের যে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সামনে তাদের পরিবারের সদস্যদের কান্নারত অবস্থায় দেখা গেছে।

রিও’র রাজ্য সরকার মঙ্গলবারের এই অভিযানকে কমান্দো ভের্মেলহো অপরাধী দলের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় অভিযান বলে বর্ণনা করেছে।

ব্রাজিলের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী রিকারদো লেভানদোভস্কি জানিয়েছেন, রিওর রাজ্য কর্তৃপক্ষ এই ‘প্রাণঘাতী‘ অভিযানের আগে ফেডারেল সরকারের কাছে কোনো সহায়তা চায়নি। কী ঘটেছে গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি সব জেনেছেন বলে লেভানদোভস্কি দাবি করেছেন।

এই সংঘর্ষের জন্য রিও’র বহু স্কুল ও চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। বিভিন্ন রুটের বাসগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অভিযানের কারণে রাজ্যের রাজধানী শহরটির বিভিন্ন অংশে ব্যাপক যানজটও দেখা যায়।

অভিযানে কর্তৃপক্ষ ২৫০ জন ফেরারীকে গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে নামলেও মাত্র ৮১ জনকে গ্রেপ্তার করতে পেরেছে বলে রিওর গভর্নর ক্লাউডিও কাস্ত্রো জানিয়েছেন। কথিত মাদক সম্রাট ও তাদের অর্থ পাচার কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামরিক কায়দায় হওয়া এ অভিযানে বিপুল প্রাণহানির ব্যাপক সমালোচনা করেছে ব্রাজিলের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। 

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪