উত্তর গাজার জাবালিয়ায় অভিযান শেষ, জানাল ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে তারা শত শত সন্ত্রাসীকে হত্যা করেছে এবং ১০ কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গ ধ্বংস করেছে।
তিন সপ্তাহের তুমুল লড়াই এবং দুই শতাধিক বিমান হামলা চালানোর পর গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ায় অভিযান শেষের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এলাকাটি থেকে শুক্রবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেনা।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে জাবালিয়ায় শত শত সন্ত্রাসীকে তারা হত্যা করেছে এবং ১০ কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গ ধ্বংস করেছে।
জাবালিয়ার ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। বহুতল ভবন গুঁড়িয়ে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। এলাকাটিতে চালানো অভিযানে ইসরায়েলের সেনারা হামাসের হাতে বন্দি ২৫০ জিম্মির মধ্যে ৭ জনের মৃতদেহও উদ্ধার করেছে।
উত্তর গাজার জাবালিয়া থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর আগে একবার সেনা সরিয়ে নেওয়ার চারমাস পর আবার অভিযান চালাতে সেখানে ফিরে যায়। হামাস জাবালিয়ায় পুনরায় সংঘটিত হচ্ছে বলে জানিয়েছিল তারা।
অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হামাসের বেশ কয়েকটি রকেট লাঞ্চার এবং অস্ত্র নির্মাণ স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া। সেখানে ১ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়ে আছে। তাদের অধিকাংশই ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন।
ইসরায়েল উত্তর গাজার এই অংশে অভিযান বন্ধ করলেও দক্ষিণ গাজার রাফা শহরে অভিযান অব্যাহত রেখেছে। তাদের ভাষ্য, রাফায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা লুকিয়ে আছে। তাদের নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে। রাফা নগরীর প্রাণকেন্দ্রে রকেট লাঞ্চার ও অন্যান্য অস্ত্র ছাড়াও হামাসের সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
গতবছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
