২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়বেরেলিতে সোনিয়ার জয়ের রেকর্ড ছাড়িয়ে গেলেন রাহুল গান্ধী

ভোট গণনা শেষ না হলেও রাহুল গান্ধীর জয় একরকম নিশ্চিত হওয়ায় আগেভাগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রতাপ সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 05:40 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

ভারতের উত্তর প্রদেশের রায়বেরেলি বরাবরই কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এ নির্বাচনেও তার ব্যতিক্রম দেখা যায়নি। এ আসনে বিপুল ভোট পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা ছাড়িয়ে গেছে তার মা সনিয়া গান্ধীর ২০১৯ সালের ভোট জয়ের রেকর্ড।

এনডিটিভি জানায়, ভারতের নির্বাচন কমিশনের দুপুর ৩টা ১৫ মিনিটে দেওয়া ভোটের ফল অনুযায়ী, ৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন রাহুল গান্ধী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীনেশ প্রতাপ সিং। 

তার থেকে এখন পর্যন্ত ২ দশমিক ৬২ লাখের বেশি ভোটে এগিয়ে আছেন রাহুল, যা সবশেষ ২০১৯ নির্বাচনে এ আসন থেকে তার মা সোনিয়া গান্ধীর চেয়েও বেশি ভোটের ব্যবধান। 

২০০৪ সাল থেকে এ আসন ধরে রেখেছিলেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রতাপ সিংয়ের বিপক্ষে ১ দশমিক ৬৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে এবার এই আসনে লড়েননি সোনিয়া।

রায়বরেলির গত কয়েকবারের সাংসদ সনিয়া গান্ধী এবার এই আসন ছেড়ে  রাজ্যসভায় যাওয়ায় এখানে প্রার্থী হন তার ছেলে রাহুল গান্ধী। 

ভোট গণনা এখনও শেষ না হলেও রাহুলের জয় একরকম নিশ্চিত। আর তাই নির্বাচন কমিশনের ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী প্রতাপ সিং। 

তবে ভোটে পরাজিত হলেও রায়বরেলির মানুষের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন দীনেশ প্রতাপ সিং। রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে ফেইসবুক পোস্টে তিনি রায়বরেলির মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। 

তিনি লিখেছেন, “সিদ্ধান্ত আমাদের হাতে নেই। আমি রায়বরেলির মানুষের জন্য মহানুভবতা নিয়ে ও কঠোর পরিশ্রম করেছি। যদি আমার ভাবনায়, কথায় এবং কোনও কাজে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

রায়বরেলি কেন্দ্র থেকে রাহুল গান্ধী এবারেই প্রথম প্রার্থী হলেও মানুষ তাকে খালি হাতে ফেরায়নি। আর কেবল রায়বরেলি নয়, গতবারের জয়ী কেন্দ্র ওয়ানাড়েও প্রার্থী হয়েছেন রাহুল। আর দুটি কেন্দ্রেই ব্যাপকহারে জনসমর্থন পেয়েছেন তিনি। দুটি আসন থেকেই তিনি বড় ব্যবধানে জয় পাচ্ছেন।