২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপত্তার খাতিরে’ ক্ষণিকের জন্য বন্ধ মলদোভার আকাশসীমা

পূর্ব ইউরোপের দরিদ্র এই দেশটির প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে সরকার উৎখাতের চক্রান্ত করার অভিযোগ করেছেন।

‘নিরাপত্তার খাতিরে’ ক্ষণিকের জন্য বন্ধ মলদোভার আকাশসীমা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 15 Feb 2023, 12:03 AM

Updated : 15 Feb 2023, 12:11 AM

গোপন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মঙ্গলবার নিজেদের আকাশসীমা সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল মলদোভা। পরে অবশ্য তা খুলে দেওয়া হয়।

পূর্ব ইউরোপের দরিদ্র এই দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে সরকার উৎখাতের চক্রান্ত করার অভিযোগ করেছেন।

রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়েনের অংশ মলদোভা এখন মস্কোকে ছেড়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায়। দেশটি ইইউর সদস্যপদের জন্যও আবেদন করেছে।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ করলে নিরাপত্তা উদ্বেগে পড়ে যায় মলদোভার সরকার। যুদ্ধ শুরুর পর ইউক্রেইন থেকে প্রচুর শরণার্থী মলদোভায় আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানান, স্থানীয় সময় সকাল ১১টা ২৪ মিনিটের দিকে পাইলটদের কাছে পাঠানো এক বার্তায় ‘বেসামরিক এয়ার লাইনের ফ্লাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে’ দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার তথ্য জানানো হয়।

স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয় বলে জানায় বিবিসি। সিলিভ এভিয়েশনের ওয়েব সাইটে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য দিয়ে এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া’র খবরে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মলদোভা সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, মস্কোর গোয়েন্দারা মলদোভায় ‘বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করেছে’। তার পরপরই মলদোভার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।

আর গত ১০ ফেব্রুয়ারি মলদোভা অভিযোগ করে বলেছে, ইউক্রেইনের অবকাঠামোতে হামলা চলাতে গিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে। জবাবদিহিতার জন্য সেদেশে রাশিয়ার রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছিল।