২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে গণকবরে ৮৭ মৃতদেহ, আরএসএফকে দায়ী করেছে জাতিসংঘ

গত এপ্রিল মাস থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ এর তীব্র লড়াই চলছে।

সুদানে গণকবরে ৮৭ মৃতদেহ, আরএসএফকে দায়ী করেছে জাতিসংঘ

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 13 Jul 2023, 08:15 PM

Updated : 13 Jul 2023, 08:15 PM

সুদানে একটি গণকবরের সন্ধান মিলেছে যেখানে অন্তত ৮৭টি মৃতদেহ পাওয়া গেছে। দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ তাদের হত্যা করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ।

গত এপ্রিল মাস থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ এর তীব্র লড়াই চলছে।

জাতিসংঘ জানিয়েছে, সুদানের পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী আল-জেনেইনার ঠিক বাইরেই অগভীর ওই গণকবরটি খুঁজে পাওয়া গেছে।

গণকবর থেকে উদ্ধার বেশিরভাগই মাসালিৎ সম্প্রদায়ের মানুষ ছিলেন। আল-জেনেইনার দখল নিতে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ-র মধ্যে তুমুল লড়াই চলেছে।

যদিও আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা সম্প্রতি পশ্চিম দারফুরে কোনো ধরণের লড়াইয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

সুদানে প্রায় তিনমাস ধরে চলতে থাকা এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছেন লাখ লাখ বেসামরিক মানুষ।

ক্ষমতার দ্বন্দ্বে শুরু হওয়া এই লড়াইয়ের এক প্রান্তে রয়েছে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে দেশটির সেনাবাহিনী এবং অপর প্রান্তে জেনারেল মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আরএসএফ। গত ১৫ এপ্রিল এই লড়াই শুরু হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুন ওয়েস্ট দারফুর অঞ্চলে অন্তত ৩৭টি মৃতদেহ কবর দেওয়া হয়। একই জায়গায় পরদিন আরো প্রায় ৫০টি মৃতদেহ কবর দেওয়া হয়। যাদের কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ওই মৃতদেহগুলি এবং তাদের পরিবার ও সম্প্রদায়ের সাথে যে ‘নির্মম ও অসম্মানজনক আচরণ করা হয়েছে তাতে তিনি আতঙ্কিত’।

তিনি গণকবরে যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন এবং  বলেছেন, আরএসএফ ‘মৃতদেহের প্রতি সম্মানজনক আচরণ’ করতে বাধ্য।

এ সপ্তাহের শুরুতে হিউম্যান রাইটস ওয়াচ থেকেও আরএসএফ-র বিরুদ্ধে মাসালিৎ সম্প্রদায়ের ২৮ জনকে হত্যা এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আহত করার অভিযোগ করা হয়। বলা হয়, গত মে মাসে তারা মিসতেরেই শহর ধ্বংস করার  আগে শহরের বাসিন্দাদের হতাহত করে।

তবে আরএসএফ এর একজন উপদেষ্টা বিবিসি-কে বলেছেন, সেখানে আরব গ্রুপ এবং মাসালিৎ সম্প্রদায়ের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে তার অংশ হিসেবে ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।

‘এই গৃহযুদ্ধ ‍পুরানো এবং নতুন করে আবার শুরু হয়েছে।”

জাতিসংঘের হাতেও এমনকিছু প্রতিবেদন পড়েছে। যেগুলোতে বলা হয়েছে, আরব মিলিশিয়ারা আদিবাসী মাসালিৎ সম্প্রদায়ের পুরুষদের উপর হামলা চালাচ্ছে এবং সুদানের লড়াই ‘জাতিগত সংঘাতের’ রূপ নিচ্ছে।