জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও তাদের বাবা-মাকে সংবর্ধনা নাম্বার ওয়ানের
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।
চা দোকানি বাবা-মায়ের শ্রম ও তাদের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিএইচ) ব্র্যান্ড নাম্বার ওয়ান।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মঙ্গলবার সকালে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা’ শীর্ষক এক আয়োজনে তাদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে চায়ের দোকানিদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন সন্তান এবং তাদের মা-বাবাকে সংবর্ধনা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে মেঘনা গ্রুপ বলেছে, অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছে নাম্বার ওয়ান।
এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা টেন মিনিট স্কুল থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন একাডেমিক কোর্স করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
আরও উপস্থিত ছিলেন এমজিআই এর চিফ অ্যাকাউন্টস অফিসার রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ডিজিএম ব্র্যান্ড মুহাম্মদ মাহবুবুর রহমান, এজিএম অর্জুন চন্দ্র নাথ, আব্দুর রহিম শেখ এবং রতন মজুমদার।
