১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইএইএ-কে দ্বিমুখী নীতি বন্ধ করতে বলল ইরান

জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালানোর পর  আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে।

আইএইএ-কে দ্বিমুখী নীতি বন্ধ করতে বলল ইরান
মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সতর্ক করে দিয়ে বলেছেন, তারা পারমাণবিক কর্মসূচিতে ইরানের সহযোগিতা চাইলে ‘দ্বিমুখী আচরণ’ করা বন্ধ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে পেজেশকিয়ান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি আইন চালু করে।  ওদিকে, আইএইএ-ও জানায়, তাদের অবশিষ্ট পরিদর্শকরা ইরান ত্যাগ করে ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে গেছেন।

জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালানোর পর আইএইএ-এর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথা বলে দেশটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

যদিও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেই সবসময় দাবি করে এসেছে এবং তাদের পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য নেই বলে এসেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টার সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, “আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নির্ভর করছে পারমাণবিক বিষয়ে সংস্থাটির দ্বিমুখী নীতি শুধরানোর ওপর।

“ইরানের বিরুদ্ধে আবার কোনও নতুন আগ্রাসনের পাল্টায় আরও চরম ও অনুশোচনীয় জবাব দেওয়া হবে।” আইএইএ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে বলে তেহরান অভিযোগ করেছে।

তাছাড়া, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ভঙ্গ করছে বলে প্রস্তাবনা ঘোষণা করে আইএইএ দেশটিতে বোমা হামলার পথ প্রশস্ত করেছে বলেও তেহরান অভিযোগ করেছে।

বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক বিষয়ে আইএইএ-এর পক্ষপাতমূলক অবস্থান না বদলালে ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।