২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে পৌঁছেছে ওয়াগনার যোদ্ধারা: ইউক্রেইন

কতজন ওয়াগনার যোদ্ধা বেলারুশে গেছে, কোথায় অবস্থান নিয়েছে এবং তাদের লক্ষ্য কী তা খতিয়ে দেখছে ইউক্রেইনের সীমান্তরক্ষী বাহিনী।

বেলারুশে পৌঁছেছে ওয়াগনার যোদ্ধারা: ইউক্রেইন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 07:50 PM

Updated : 16 Jul 2023, 07:50 PM

রাশিয়া থেকে ভাড়াটে সেনাদল ওয়াগনারের যোদ্ধারা বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছে ইউক্রেইনের সীমান্তরক্ষী বাহিনী ডিপিএসইউ।

বেলারুশের সঙ্গে রাশিয়া ও ইউক্রেইন দুই দেশেরই সীমান্ত রয়েছে। কতজন ওয়াগনার যোদ্ধা বেলারুশে গেছে, কোথায় অবস্থান নিয়েছে এবং তাদের লক্ষ্য কী তা ডিপিএসইউ খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিবিসি।

অনিশ্চিত একটি খবরে বলা হয়েছে, ওয়াগনার যোদ্ধাদের ৬০ গাড়ির একটি বহর শনিবার সীমান্তের অপর পারে গেছে।

ইউক্রেইনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল প্রিগোজিনের ওয়াগনার বাহিনী। এরই মধ্যে গত ২৪ জুন রুশ সামরিক নেতৃত্বের ওপর ক্ষুব্ধ প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করেন। রুশ সামরিক নেতৃত্বকে উৎখাত করতে মস্কোর দিকে যাত্রা শুরু করে ওয়াগনার যোদ্ধারা।

পরে বেলারুশের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে এক সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বিদ্রোহ থামাতে রাজি হন প্রিগোজিন। এ চুক্তি অনুযায়ী প্রিগোজিন ও তার কিছু যোদ্ধার বেলারুশে চলে যাওয়ার কথা ছিল। তবে প্রিগোজিন কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেইনের সীমান্তরক্ষী বাহিনী ডিপিএসইউ এর মুখপাত্র আন্দ্রি দেমচেঙ্কো শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বেলারুশে ওয়াগনারের উপস্থিতির কথা জানিয়েছেন। তিনি বলেন, উত্তর সীমান্তজুড়ে পরিস্থিতি নজরে রাখছে ইউক্রেইনের সীমান্তরক্ষীরা। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি দেমচেঙ্কো।

 শনিবার বেলারুশের এক ব্লগার দেশটিতে ওয়াগনারের একটি বড় গাড়িবহর প্রবেশের খবর জানান। ‘বেলারুস্কি হাজুন’ টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ওয়াগনার যোদ্ধা বহনকারী বেশ কয়েকটি গাড়ি, লরি, পিকআপ এবং বাসের বহর নিয়ে বেলারুশের ওসিপোভিচি শহরের দিকে অগ্রসর হয়েছে দেশটির ট্রাফিক পুলিশ। শহরটি বেলারুশের রাজধানী মিনস্ক থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।

বেলারুশ সরকার বেলারুস্কি হাজুন টেলিগ্রাম চ্যানেলটিকে চরমপন্থি চ্যানেল হিসাবেই দেখে। ফলে ওয়াগনার যোদ্ধাদের নিয়ে চ্যানেলটির এই পোস্টের কোনও মন্তব্য করেনি বেলারুশ সরকার।