চীনে কনের বয়স ২৫’র কম হলেই মিলবে ‘নগদ পুরস্কার’!
জন্মহার নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখতে একসময় কঠোর আইন প্রয়োগ করা চীনই এখন জন্মহার বাড়াতে নানান উদ্যোগ নিচ্ছে।
চীনের পূর্বাঞ্চলের একটি কাউন্টিতে যদি কনের বয়স ২৫ বা তার কম হয় তবে নবদম্পতির জন্য নগদ এক হাজার ইউয়ান ‘পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। মূলত তরুণ-তরুণীদের বিয়েতে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।
জন্মহার নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখতে একসময় কঠোর আইন প্রয়োগ করা চীনই এখন জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। কারণ, দেশটিতে শিশু জন্মহার বর্তমানে নিম্নমুখী।
গত ছয় দশকের মধ্যে গতবছর প্রথমবার দেশটিতে মোট জনসংখ্যা কমেছে। ফলে তারা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ থেকে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত।
বিবিসি জানায়, গত সপ্তাহে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এ চ্যাংশান কাউন্টির অফিশিয়াল পেজে একটি নোটিস জারি করা হয়।
যে নোটিসে বলা হয়, প্রথমবার বিয়ের ক্ষেত্রে ‘উপযুক্ত বয়সে বিয়ে এবং সন্তান জন্মদানে’ উৎসাহ দিতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
ওই নোটিসে যাদের সন্তান আছে তাদের জন্য শিশুযত্ন, সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা (ফার্টিলিটি) এবং শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নানা ধরণের ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছে।
শিশু জন্মহারের নিম্নমুখী প্রবণতা এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকায় সমাজে কর্মক্ষম জনগোষ্ঠীর ভারসাম্য নিয়ে চীনে উদ্বেগ দেয়া দিয়েছে।
যে কারণে কর্তৃপক্ষ নানা ধরণের আর্থিক সুবিধা এবং শিশুযত্ন সুবিধাসহ জনগণকে অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে জন্মহার আবার ঊর্ধ্বমুখী করতে চাইছে।
চীনের আইনে পুরুষদের বিয়ের বয়স ২২ এবং নারীদের বিয়ের বয়স ২০ বছর। যদিও দেশটিতে বর্তমানে তরুণদের বিয়ে করার আগ্রহ কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এ বছর জুনে প্রকাশ করা সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে গত বছর বিয়ের সংখ্যা ছিলো রেকর্ড পরিমাণ কম। ২০২২ সালে চীনে প্রায় ৬৮ লাখ মানুষ বিয়ে করেছে। ১৯৮৬ সালের পর যা সর্বনিম্ন।
