পার্লামেন্টে হার্ট অ্যাটাকে পড়ে যাওয়া তুর্কি এমপি’র মৃত্যু
বিরোধী ফেলিসিটি (সাদত) পার্টির পার্লামেন্ট সদস্য হাসান বিতমেজ আংকারা সিটি হাসপাতালে মারা যান।
তুরস্কের পার্লামেন্টে বক্তব্য শেষের পরই আচমকা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন বিরোধীদলীয় আইনপ্রণেতা হাসান বিতমেজ। এর দু’দিন পর বৃহস্পতিবার হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
টেলিভিশনে এক বক্ত্যব্যে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সাংবাদিকদের বলেন, “বিরোধী ফেলিসিটি (সাদত) পার্টির পার্লামেন্ট সদস্য ৫৪ বছর বয়সী হাসান বিতমেজ আংকারা সিটি হাসপাতালে মারা গেছেন।”
পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হাসানের জীবনীতে দেখা গেছে, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এর আগে তিনি বেসরকারি ইসলামিক সংগঠনেও কাজ করেছিলেন। এক সন্তানের জনক ছিলেন তিনি।
পার্লামেন্টের সরকারি সম্প্রচারে দেখা গেছে, মঙ্গলবার সাধারণ অধিবেশনের আগে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শেষ হওয়া মাত্রই মেঝেতে পড়ে যান হাসান। ইসরায়েলের প্রতি তুর্কি সরকারের নীতির সমালোচনা করে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
গাজায় ইসরায়েলের নির্মম বোমা হামলা এবং তা নিয়ে তুর্কি সরকারের প্রবল সমালোচনার পরও ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্য চলতে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করছিলেন হাসান।
তুরস্কের জাহাজগুলোকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়ার সমালোচনা করে তিনি বলেছিলেন, এরদোয়ানের “একে পার্টি খুনি ইসরায়েলের সহযোগী। আপনাদের হাত ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত।”
এই বক্তব্যের পরপরই হাসান হঠাৎ করে পেছনের দিকে মাটিতে পড়ে যান। অন্যান্য এমপি’রা তাৎক্ষণাৎ দৌড়ে তার কাছে যান।
পরে স্বাস্থ্যমন্ত্রী কোকা জানান, হাসানের হৃৎপিণ্ডের প্রধান দুটি শিরা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
গত মঙ্গলবার সাংবাদিকদের কোকা বলেন, “তার (হাসান বিতমেজ) হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। পার্লামেন্টে তার চেতনা ফিরিয়ে আনার পর ২০ মিনিটের ভেতরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা যন্ত্রপাতি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিলেন।
