২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল করে’ যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত, ইরানের বিরুদ্ধে আইসিজে-তে ৪ দেশ

২০২০ সালে ইউক্রেইন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর সেটিকে ভূপাতিত করে ইরানের রেভল্যুশনারি গার্ড।

‘ভুল করে’ যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত, ইরানের বিরুদ্ধে আইসিজে-তে ৪ দেশ

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 05 Jul 2023, 11:17 PM

Updated : 05 Jul 2023, 11:17 PM

এবার ইরানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) দ্বারস্থ হয়েছে কানাডা, সুইডেন, ইউক্রেইন এবং যুক্তরাজ্য।

বুধবার এ সংক্রান্ত কাগজপত্র দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২০ সালের ৮ জানুয়ারি ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং সেটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

পরে জানা যায়, ইরানের রেভ্যুলেশনারি গার্ড তেহরান বিমানবন্দর থেকে ইউক্রেইনের যাত্রীবাহী ওই উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই সেটিকে গুলি করে। যেটিকে ওই সময়ে তেহরানের পক্ষ থেকে ‘বিপর্যয়কর ভুল’ বলে উল্লেখ করা হয়।

এখন ওই চার দেশ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করে বলেছে, ইরান মন্ট্রিল কনভেনশন ‘লঙ্ঘন’ করেছে। আইসিজে ওয়ার্ল্ড কোর্ট নামেও পরিচিত।

মন্ট্রিল কনভেনশনের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ওই চার দেশ তাদের আবেদনে বলেছে, ইরান ফ্লাইট পিএস৭৫২ বিধ্বস্ত হওয়া প্রতিরোধে সমস্ত বাস্তব পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, বরং দেশটি এ ঘটনায় একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং ন্যায় সংগত অপরাধ তদন্ত এবং বিচার কাজ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।

ওই সময় ইরানের কর্মকর্তারা স্বীকার করেছিলেন, তারা ভুলবশত বোয়িং ৭৩৭টি গুলি করে ভূপাতিত করে। সে সময়ে তেহরান-ওয়াশিংটন চরম উত্তেজনা বিরাজ করছিল।

২০২১ সালে ইরানের পক্ষ থেকে যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হয় সেখানে রাডারের ভুল সংকেত এবং আকাশ সুরক্ষা ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়।

সেই সময়ে কানাডা বলেছিল,  ইরান যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে ‘সত্যিই কী ঘটেছে সে সম্পর্কে সমালোচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি’।

ইউক্রেইন আরো কঠোর ভাষায় সমালোচনা করে বলেছিল, ইরান উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার কুৎসিত প্রচেষ্টা করেছে। এবং তারা এটিকে ভুল নয় বরং ‘ইচ্ছাকৃত’ বলেও সন্দেহ প্রকাশ করেছিল।