কাশ্মীরে কারাবন্দি নেতার কাছে হার মানলেন ওমর আবদুল্লাহ
কারাবন্দি নির্দল প্রার্থী সাবেক বিধায়ক আবদুল রশিদ শেখ বারামুল্লা আসনে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে এক লাখের বেশি ভোটে পরাজিত করেছেন।
কারাবন্দি নির্দল প্রার্থী সাবেক বিধায়ক আবদুল রশিদ শেখ বারামুল্লা আসনে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে এক লাখের বেশি ভোটে পরাজিত করেছেন।
লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে জম্মু-কাশ্মিরভিত্তিক ন্যাশনাল কনফারেন্স (এনসি)। দলের ভাইস প্রেসিডেন্ট ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী সাবেক বিধায়ক আব্দুল রশিদের কাছে পরাজয় মেনে নিয়েছেন।
ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত আবদুল রশিদ শেখ বারামুল্লা আসনে ওমর আবদুল্লাহকে এক লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও পরাজয় মেনে নিয়েছেন ওমর আবদুল্লাহ।
কাশ্মীরের অন্যতম এই বিশিষ্ট রাজনীতিবিদকে হারিয়ে নির্বাচনে রশিদের জয় একটি ধাক্কা, কারণ তিনি তিহাড় জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি গত পাঁচ বছর ধরে বন্দি।
রশিদ নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি জেলে থাকায় তার দুই ছেলে তার প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন। ২০ মে বারামুল্লা আসনের পঞ্চম ভোটগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে শুরু হয়েছিল প্রচার। অবশেষে জিতে গেলেন তিনি।
দুপুর দেড়টা পর্যন্ত রশিদ প্রায় ২,৫৭,৫২৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী ওমর আবদুল্লাহ প্রায় ১,৩৭,৩৭৭ ভোট পেয়ে পিছিয়ে ছিলেন।
৫৭ বছর বয়সী রশিদ উত্তর কাশ্মীরের লাঙ্গতে আসনের দু'বারের সাবেক বিধায়ক। মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি নিহত হুরিয়ত নেতা, অর্থাৎ জেকেপিসি-র প্রতিষ্ঠাতা আবদুল গনি লোনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
শ্রীনগর এবং অনন্তনাগ-রাজৌরি বাদে কাশ্মীর ডিভিশনের যে তিনটি আসনে বিজেপি কোনও প্রার্থী দেয়নি, তার মধ্যে বারামুল্লা অন্যতম। এই আসনে জেলে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জয়ের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ।
ওমর আবদুল্লাহ এক্সে লিখেছেন, “যা হয়েছে, সেটি মেনে নেওয়ার সময় হয়ে এসেছে বলেই মনে হচ্ছে। উত্তর কাশ্মীরে ইঞ্জিনিয়ার আবদুল রশীদের জয়ের জন্য তাকে অভিনন্দন। যদিও এ জয়ের কারণে তিনি দ্রুত জেল থেকে ছাড়া পাবেন বলে মনে হয় না। এমনকী দ্রুতই কাশ্মীরবাসী তাদের নেতাকে পাবেন না। তবে, কাশ্মীরবাসী গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে।”
