তুরস্কে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ঘানার ফুটবলার আতসুর মৃতদেহ
তুরস্কের হতাই প্রদেশের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন। শেষমেষ ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার হল তুরস্কের দক্ষিণাঞ্চলের ধ্বংসস্তুপ থেকে।
৩১ বছর বয়সী আতসু তুরস্কের হতাই প্রদেশে একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকতেন। গত ৬ ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ধ্বংস হয়ে যায়। তখন থেকেই আতসুর হদিস মিলছিল না।
তার মৃত্যুর খবর জানিয়ে ম্যানেজার মুরাত উজুনমেহমেত বলেছেন, “ধ্বংসস্তূপের নীচ থেকে আতসুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তার জিনিসপত্র উদ্ধারের কাজ চলছে। তার ফোনও খুঁজে পাওয়া গেছে।”
ভূমিকম্পের কয়েকঘণ্টা আগেই তুরস্কের দক্ষিণাঞ্চল ছেড়ে যাওয়ার কথা ছিল আতসুর। কিন্তু ৫ ফেব্রুয়ারির সুপার লিগ ম্যাচে জয় এনে দেওয়া গোলটি করার পর আতসু বাকী সময়টা ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন হতাইস্পোর ক্লাবের ম্যানেজার।
ঘানার ফুটবলার আতসু ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডে খেলেছিলেন। এরপর আতসু খেলতেন তুরস্কের ক্লাব হতাইস্পোরে। গতবছর সেপ্টেম্বরে এ ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি।
ক্লাবটি অবস্থিত কাহরামানমারাস এলাকায়, যেখানে ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাইস্পোর এক টুইটে লিখেছে, “আমরা আপনাকে ভুলব না, আতসু। আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আপনি সুন্দর মানুষ। দুঃখ বর্ণনা করার কোনও ভাষা নেই আমাদের।”
নিউক্যাসেলও শ্রদ্ধা জানিয়ে বলেছে, “আতসু একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি। আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকরা তাকে সবসময়ই স্মরণ করবে।”
নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে ১১২ ম্যাচ খেলেছিলেন এই উইঙ্গার, এছাড়া এভারটন এবং বোর্নমাউথের হয়েও খেলেছিলেন তিনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ঘানা জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলে ৯ গোল করেছিলন আতসু।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প হয়। এতে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। কেবল তুরস্কেই মারা গেছে ৩৯ হাজারের বেশি মানুষ।
