মঙ্গোলিয়ায় তরল গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৬
বুধবার স্থানীয় সময় ভোররাতে একটি গাড়ির সঙ্গে তরল গ্যাসবাহী ট্যাঙ্কারটির সংঘর্ষ হলে সেটিতে আগুন ধরে যায়।
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ৬০ টন তরল গ্যাস বহন করা একটি ট্যাঙ্কার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হলে তিন ফায়ারফাইটারসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো ১১ জন।
কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় ভোররাতে একটি গাড়ির সঙ্গে তরল গ্যাসবাহী ট্যাঙ্কারটির সংঘর্ষ হলে সেটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে শতাধিক ফায়ারফাইটারকে ঘটনাস্থলে পাঠানো হয়।
আগুন নেভানোর চেষ্টার মধ্যেই ট্যাঙ্কাটি বিস্ফোরিত হয় এবং আশেপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ঘটনার পর তিনি শুরুতে ভেবেছিলেন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
অন্য একজন বলেন, ট্যাঙ্কারটি প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। তার কাছে মনে হয়েছিল তীব্র আলোর ঝলকানির পর ভূমিকম্প হচ্ছে।
বলেন, “এটা ছিল খুবই শক্তিশালী। আমি আমার জীবনে কখনো এত প্রকাণ্ড বিস্ফোরণ দেখিনি, এতটাই শক্তিশালী ছিল, কি বলবো। সেখানে ৬০ টন মানে ৬০ হাজার লিটার তরল গ্যাস ছিল। এটা অনেক।”
আরেক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “প্রচণ্ড শব্দের পর আমরা যতক্ষণে বুঝতে পারি আমাদের ভবনে আগুন ধরে গেছে ততক্ষণে আমাদের বাড়ির সামনের দরজায় আগুন ছড়িয়ে পেড়েছে। আমরা পেছনের দরজা ভেঙে বাড়ি থেকে বের হই। আমরা বের হয়েই দেখি আগুন ভবনের উপরতলা পর্যন্ত পৌঁছে গেছে।
“খুবই দ্রুত সব কিছু ঘটেছে।”
প্রচণ্ড বিস্ফোরণে কারো কারো বাড়ির জানালা-দরজা, এমনটি বারান্দা পর্যন্ত উড়ে গেছে।
তবে বিস্ফোরণে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত ভবনের বাসিন্দাদের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মঙ্গোলিয়ার উপপ্রধানমন্ত্রী।
এখন প্রশ্ন উঠেছে কেনো মারাত্মক দাহ্য তরল নিয়ে, তাও আবার অতিরিক্ত ওজন নিয়ে ট্যাঙ্কারটিকে একটি আবাসিক এলাকার ভেরত দিতে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হলো।
অনেকের মতে যদি সকালে বা সন্ধ্যায় যখন সড়কে মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে ওই সময়ে এই ঘটনা ঘটতো তবে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতো।
