২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান অভিযানে নিহত ৬৪ শিশুর জন্য যুক্তরাজ্যের ক্ষতিপূরণ

এই শিশুরা ২০০৬ সাল এবং ২০১৪ সালের মধ্যে ব্রিটিশ বাহিনীর অভিযানে নিহত হয়েছিল।

আফগান অভিযানে নিহত ৬৪ শিশুর জন্য যুক্তরাজ্যের ক্ষতিপূরণ

ছবি; রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 08:30 PM

Updated : 10 Nov 2022, 01:24 AM

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর অভিযানে নিহত অন্তত ৬৪ জন শিশুর জন্য ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

শিশুর এই সংখ্যা ব্রিটিশ বাহিনীর প্রকাশিত আগের শিশুর সংখ্যার চেয়ে চারগুন বেশি। আগে ব্রিটিশ বাহিনী প্রকাশ্যে ১৬ শিশু নিহতের কথা স্বীকার করেছিল।

বিবিসি জানায়, এই শিশুরা ২০০৬ সাল এবং ২০১৪ সালের মধ্যে ব্রিটিশ বাহিনীর অভিযানে নিহত হয়েছিল।

দাতব্য সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স (এওএভি) তথ্যের স্বাধীনতার অনুরোধ জানানোর পর শিশুদের নতুন সংখ্যার এই তথ্য পায়।

বিমান হামলা এবং গুলিবিনিময়ের মধ্যে পড়েই মূলত তালিকাভুক্ত এইসব শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে গড়ে ১,৬৫৬ পাউন্ড করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।

অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স বলছে, ব্রিটিশ সেনাবাহিনীর হামলায় নিহত আফগান শিশুর প্রকৃত সংখ্যা আরও বেশি ১৩৫ জন পর্যন্তও হতে পারে।

কারণ, কিছুক্ষেত্রে মানুষের মৃত্যুকে ‘ছেলে’ অথবা ‘মেয়ে’ হিসাবে তালিকাভুক্ত করেছে প্রতিরক্ষা বিভাগ এবং তাদের কোনও বয়সও উল্লেখ করা হয়নি। এই নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক হতে পারে। কিন্তু তাদের মধ্যে ১৮ বছরের নিচেও অনেকে থেকে থাকতে পারে।

৮৮১ জন নিহত হয়েছে বলে দাবি করা হলেও ব্রিটিশ সরকার তা প্রত্যাখ্যান করে মাত্র এক-চতুর্থাংশের জন্য ক্ষতিপূরণ দিয়েছে।

এর মধ্যে ২০০৯ সালের মে মাসে আফগানিস্তানে হেলমান্দের নাওয়া জেলার একটি গ্রামে কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় ৮ সদস্য নিহত হওয়া একটি পরিবার রয়েছে।

পরিবারটির এক ব্যক্তি তার ভাগ্নে এবং ভাগ্নের দুই বউ ও তার ৫ সন্তান নিহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়েছিলেন। সেই দাবি মেটাতে ১৪৪ দিন লেগেছে।

প্রতিরক্ষামন্ত্রণালয় ২০০৬ সাল এবং ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে ২৮৯ জন বেসামরিক মানুষ নিহতের ক্ষতিপূরণ বাবদ মোট ৬৮৮,০০০ পাউন্ড দিয়েছে।