২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার, জানাল হামাস

গাজায় সংঘাতের শুরু থেকে কেবল মাঝের ৭ দিনের যুদ্ধবিরতির সময়টুকু বাদে প্রতিদিন গড়ে নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার, জানাল হামাস

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 04:25 PM

Updated : 21 Dec 2023, 04:25 PM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে সেখানকার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেই হিসাবে গাজায় ইসরায়েল-হামাস সংঘাতের শুরু থেকে কেবল মাঝের ৭ দিনের যুদ্ধবিরতির সময়টুকু বাদে প্রতিদিন গড়ে নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।

হামাসের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া নিহতের এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য বলেই মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি সেবা বিষয়ক পরিচালক রিচার্ড ব্রেনান।

যুদ্ধক্ষেত্রে নিহতের সংখ্যার হিসাব রাখাটাও একটি চ্যালেঞ্জ। গাজার চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা আরও উল্লেখযোগ্যসংখ্যক বেশি হতে পারে। কারণ, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ এবং যাদেরকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি তারা এই হিসাবের মধ্যে নেই।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে গাজায় হামলা বন্ধ করা এবং গাজাবাসীর জন্য আরও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।