২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় মিলল সোনামিশ্রিত বিশাল পাথরখণ্ড

৪ দশমিক ৬ কেজি ওজনের এই পাথরখন্ডে আছে ২৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের সোনা।

অস্ট্রেলিয়ায় মিলল সোনামিশ্রিত বিশাল পাথরখণ্ড

ছবি; বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 10:57 PM

Updated : 28 Mar 2023, 10:57 PM

অস্ট্রেলিয়ার এক সোনার খনিতে বিপুল পরিমাণ সোনামিশ্রিত বিশালাকৃতির বিরল পাথরখণ্ড পাওয়া গেছে।

বিবিসি জানায়, ৪ দশমিক ৬ কেজি ওজনের এই পাথরখণ্ডে আছে ২৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার (১৬০,০০০ মার্কিন ডলার) মূল্যের সোনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভিক্টোরিয়ার সোনাখনি থেকে মেটাল ডিটেক্টর ব্যবহার করে ওই পাথরখণ্ড খুঁজে পান। ভিক্টোরিয়া গোল্ডফিল্ড ছিল ১৮০০ সালে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র।

সোনামিশ্রিত পাথরখণ্ডটি কিনে নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প। তিনি বলেন, তার ৪৩ বছরের সোনা ব্যবসার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বড় স্বর্ণখণ্ড। বিবিসি-কে তিনি বলেন, “আমি হতবাক হয়ে গেছি… সারাজীবনে এমনটি একবারই খুঁজে পাওয়া গেল।”

ড্যারেন কাম্প বলেন,  সোনা অনুসন্ধানকারী অনেকেই ভুল করে সোনার মতো দেখতে কিছু পাথর নিয়ে চলে আসে। কিন্তু একটি বড় ব্যাকপ্যাক পরা এক ব্যক্তি যখন আমার সামনে এসে এই বিশাল সোনাখচিত পাথরখণ্ড বের করে আমার হাতে দিয়ে বলল, “আপনি কি মনে করেন, এর মূল্য ১০,০০০ অস্ট্রেলীয় ডলার হবে?  আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনি এর দাম ১ লাখ অস্ট্রেলীয় ডলার হবে কিনা সেটি জিজ্ঞেস করুন।”

ক্যাম্প বলেন, ৪ দশমিক ৬ কেজি পাথরখণ্ডটিতে প্রায় ২ দশমিক ৬ কেজি (৮৩ আউন্স) সোনা রয়েছে। সোনার মূল্য হিসাব করার পর তিনি এটি কিনে নেন।

ক্যাম্প বলেন,  এখন ভাগ্যবান ওই ব্যক্তি তার পরিবারের জন্য দুহাত খুলে খরচ করতে পারবে। লোকটি বলছিল, “আহা! আমার স্ত্রী খুব খুশি হবে।”