বাবার হাতে প্রাণ দিতে হল ইরাকি ইউটিউবারকে
তিবা হত্যাকাণ্ড ইরাকজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে।
নিজের স্বাধীনতা, হবু বর, সাজসজ্জাসহ অনেক কিছু নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতেন ইরাকি তরুণী তিবা আল-আলি।
২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে ইরাক থেকে তুরস্ক যাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেল খোলেন। দ্রুতই তার চ্যানেলের অনুসারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। নিয়মিত ভিডিও আপলোড করে হাসিখুশি তিবা তাদের সঙ্গে যুক্ত থাকতেন। যিনি তুরস্কে তার নতুন জীবন উপভোগ করছিলেন।
পরিবারের সঙ্গে দেখা করতে এ বছর জানুয়ারিতে তুরস্ক থেকে ইরাকে গিয়েছিলেন তিবা এবং সেখানে তিনি তার বাবার হাতে খুন হন। আদালতের যে খুনকে ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে হয়নি। তাই খুনি বাবার মাত্র ছয় মাসের কারাদণ্ডের সাজা হয়েছে।
তিবা হত্যাকাণ্ড ইরাকজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির আইনে এবং রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের প্রতি কী মানসিকতা ধারণ করা হয়, সেটাও স্পষ্ট হয়েছে।
তিবার ‘অপরাধ’ ছিল, তিনি তার বাবার অমতে তুরস্ক গিয়েছিলেন। তার সিরীয় বংশোদ্ভূত হবু বর যার সঙ্গে তিনি ইস্তাম্বুলে বসবাস করতেন, তাকেও বাবার পছন্দ ছিল না। যা নিয়ে পারিবারিক ঝগড়ার পর গত ৩১ জানুয়ারি তৈয়ব আলি ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন এবং নিজেই পুলিশের কাছে ধরা দেন। বিচারে গত এপ্রিলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
