২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বহিষ্কারের মুখে টেনেসির তিন আইনপ্রণেতা

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হাউজের আসন থেকে এই আইনপ্রণেতারদেরকে বহিষ্কারে ভোট হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবারই।

বন্দুক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বহিষ্কারের মুখে টেনেসির তিন আইনপ্রণেতা

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 11:30 PM

Updated : 06 Apr 2023, 11:58 PM

যুক্তরাষ্ট্রে টেনেসি রাজ্যের প্রতিনিধি পরিষদ থেকে ভোটের মাধ্যমে বহিষ্কারের বিরল পদক্ষেপের মুখে পড়েছেন তিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা।

হাউজের আসন থেকে তাদেরকে বহিষ্কারের এই ভোট হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবারেই।

এ আইনপ্রণেতারা হাউজ ফ্লোরে মাইক হাতে নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করে বন্দুক আইন সংস্কারের দাবি জানিয়েছিলেন। তাদের হৈ-হট্টগোলের কারণে হাউজের নিয়ম ভঙ্গের অভিযোগে তাদেরকে এখন বহিষ্কারের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ২৭ মার্চে টেনেসির ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হওয়ার ঘটনার পর শত শত বিক্ষোভকারী পদযাত্রা করে রাজ্যের ক্যাপিটল ভবনে গিয়ে কঠোর বন্দুক আইনের দাবি তোলে। তাদের সঙ্গে সুর মিলিয়েই তিন আইনপ্রণেতা বন্দুক আইন সংস্কারের দাবি তুলেছিলেন।

টেনেসির রিপাবলিকানরা হাউজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভকারীদের পাশাপাশি ডেমোক্র্যাটিক এই আইনপ্রণেতাদের বিরুদ্ধেও অভিযোগ করেছে বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার টেনেসির হাউজ প্রতিনিধিরা ‘উশৃঙ্খল আচরণের’ অভিযোগে তিন আইনপ্রণেতাকে রাজ্য আইনসভায় তাদের আসন থেকে বহিষ্কার করতে রিপাবলিকান নেতাদের আনা একটি প্রস্তাবনার ওপর ভোট দেবেন।

তিন ডেমোক্র্যাট হচ্ছেন- গ্লোরিয়া জনসন, জাস্টিন জোনস এবং জাস্টিন পিয়ারসন। ক্যাপিটলে গত ৩০ মার্চ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তারা হাউজের কার্যক্রম ব্যাহত করেছেন।

বিক্ষোভের সময় জোনস ‘শিশু সুরক্ষা চাই, বন্দুক নয়’ লেখা প্ল্যাকার্ড ধরে ছিলেন। হাতে মাইক নিয়ে তিনি বিক্ষোভকারীদের স্লোগানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘কোনও ব্যবস্থা নেই, কোনও শান্তি নেই’ বলেও চীৎকার করেন।

এরপর পরই জোনস এবং জনসনকে কমিটির দায়িত্ব থেকে বাদ দেয় রিপাবলিকান নেতারা। তবে পিয়ারসন কোনও কমিটিতে ছিলেন না।

এই তিন ডেমোক্র্যাট সম্মিলিতভাবে টেনেসির প্রায় ২ লাখ আসনের প্রতিনিধিত্ব করছেন। প্রস্তাবনায় বলা হয়েছে, “এই আইনপ্রণেতারা ব্যক্তিগত এবং সম্মিলিতভাবে তাদের কর্মকাণ্ডে ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ (প্রতিনিধি পরিষদ)-এ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং হাউজকে অসম্মান করেছেন।”

হাউজ থেকে আইনপ্রণেতাদেরকে বহিষ্কারের জন্য ভোট খুবই বিরল। ১৮৬০ এর দশকের পর থেকে মাত্র দুবার টেনেসির হাউজে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এর টেনেসি শাখা আইনপ্রণেতা বহিস্কারের সিদ্ধান্তকে ‘চরম পদক্ষেপ’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে।