যুক্তরাষ্ট্রের হাতেই গাজা চান ট্রাম্প, পুনর্গঠনে নিতে পারেন অন্যদের সহায়তা
ট্রাম্প গত সপ্তাহে প্রথম গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দিয়ে ভূখণ্ডটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও সুযোগ দিতে পারেন।
“আমি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর সম্ভব আমরাই পুনর্গঠন করবো, কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দিতে পারি, আমাদের আশীর্বাদে অন্যরাও এটা করতে পারে। কিন্তু আমরা এটির মালিকানা, দখল নিতে এবং হামাস যেন ফিরতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।”
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের সুপার বোল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে নিউ অরলিয়ান্সে যাওয়ার পথে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“সেখানে ফিরে যাওয়ার কিছু নেই। জায়গাটি এখন ধ্বংসস্তূপ। যেটুকু বাকি আছে তাও ভেঙে ফেলা হবে। সবই ধ্বংস হয়ে গেছে,” বলেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কিছু ফিলিস্তিনি শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের আবেদনগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা করে বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
গাজা কেনা ও এর মালিকানা নিতে চাওয়া ট্রাম্পের সর্বশেষ এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এজজাত আল রাশক।
“গাজা কেনাবেচার সম্পত্তি নয়, এটা আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনিরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া পরিকল্পনা ভণ্ডুল করে দেবে,” রাশক এমনটাই বলেছেন বলে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে প্রথম গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দিয়ে ভূখণ্ডটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
তাৎক্ষণিকভাবে সৌদি আরবসহ অনেক দেশ মার্কিন প্রেসিডেন্টের এ পরিকল্পনা খারিজ করে দিয়েছিল।
এদিকে রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও তার বৈঠক হতে পারে।
অবশ্য ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কবে, কোথায় বৈঠকগুলো হতে পারে তা জানাননি।
মঙ্গলবার জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা।
“প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ সব আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, প্রথমে জর্ডানের বাদশা এবং মিশরের প্রেসিডেন্ট, আমি ধারণা করছি এই তালিকায় সৌদি ক্রাউন প্রিন্সও থাকবেন।
“এই অংশীদারদের কথা তো শুনতেই হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের অনুভূতির প্রতিও আমাদের সম্মান দেখাতে হবে, দেখা যাক আমরা টেকসই ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা দাঁড় করাতে পারি কিনা,” বলেছেন হারজগ।
ট্রাম্পের এই পরিকল্পনা চরমপন্থাকে উসকে দেবে, যা মধ্যপ্রাচ্য বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে এবং ইসরায়েলের সঙ্গে জর্ডানের শান্তি বিনষ্ট করবে, ওয়াশিংটনে মঙ্গলবারের বৈঠকে জর্ডানের বাদশা আবদুল্লাহ ট্রাম্পকে এসবই বলার পরিকল্পনা করছেন বলে কয়েকদিন আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল।
এসব প্রসঙ্গে হোয়াইট হাউজের মন্তব্য চেয়ে পায়নি রয়টার্স। তাৎক্ষণিকভাবে কায়রো বা রিয়াদের কোনো কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করতে পারেনি তারা।
