বেরলুসকোনি ‘একজন যোদ্ধা ছিলেন’ : ইতালির প্রধানমন্ত্রী
সিলভিও বেরলুসকোনির মৃত্যুর খবর পাওয়ার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একথা বলেছেন।
ইতালির ধনকুবের ব্যবসায়ী, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মৃত্যুর খবর পাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, “তিনি ছিলেন সর্বোপরি একজন যোদ্ধা।”
এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, “তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের বিশ্বাসে অটল থাকতে কখনও ভয় পাননি। আর এই সাহস এবং সংকল্পই তাকে ইতালির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম করে তুলেছিল।
রাজনীতি, যোগাযোগ এবং ব্যবসায়িক অঙ্গনে সত্যিকারের অগ্রগতি অর্জনে তাকে সক্ষম করে তুলেছিল।”
“বেরলুসকোনির কাছ থেকেই ইতালি শিখেছিল যে, তার ওপর কোনও সীমা আরোপ হওয়া উচিত না। তিনি শিখেছিলেন, চেষ্টা ছেড়ে দেওয়া উচিত না। আর তার সঙ্গে সঙ্গে আমরা লড়েছি। অনেক লড়াইয়েই জিতেছি আবার হেরেওছি। এখন তার জন্যই আমরা একসঙ্গে নেওয়া লক্ষ্য অর্জন করব। বিদায় বেরলুসকোনি।”
সিএনএন জানায়, ইতালিতে মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি রাজনৈতিক দল সোমবার টুইট করা এক বিবৃতিতে বলেছে, “আমরা তাকে ইতালির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং প্রশংসনীয় একজন ব্যক্তিত্ব হিসাবেই স্মরণ করব।”
বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।
বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।
ইতালির মধ্য ডানপন্থী ফোরজা ইতালিয়া দলের নেতৃত্বে ছিলেন বেরলুসকোনি । গত সেপ্টেম্বরে নির্বাচনের পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে জোট সরকারে যোগ দেয় দলটি।
