২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে নিয়ে ভারতে উল্লাস

ভারতীয় সংবাদমাধ্যমগুলো সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গর্ব করে খবর প্রকাশ করেছে। কোনও কোনও পত্রিকা ব্রিটিশ ঔপনিবেশিক আমলকে খোঁচা দিয়েও শিরোনাম করেছে।

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে নিয়ে ভারতে উল্লাস

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 08:10 PM

Updated : 25 Oct 2022, 08:10 PM

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ায় পর ভারতের অনেক মানুষ উল্লাসে মেতেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যে খবর প্রকাশ করেছে তার শিরোনামগুলোর দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

দেশটির ইংরেজি ভাষার দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ শিরোনাম করেছে ‘একজন গর্বিত হিন্দু এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী’।

‘ইন্ডিয়া টুডে লিখেছে, ‘হিন্দু হওয়ার পরও যুক্তরাজ্যে সর্বোচ্চ পদ পেয়েছেন সুনাক।” কেউ কেউ ঔপনিবেশিক আমলের প্রসঙ্গ টেনে শিরোনাম করেছে।

দ্য টেলিগ্রাফ এর শিরোনাম ‘সুনাক: এক্স-ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনকে পরিচালনা করবে’। হিন্দি ভাষার পত্রিকা দৈনিক ভাস্কর লিখেছে, ‘জাতির জন্য দীপাবলির আরেকটি উপহার, ভারতীয় বংশোদ্ভূত ঋষি শেতাঙ্গদের শাসন করবে’।

বিবিসি জানায়, ‍অনেক ভারতীয় মনে করছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ভারতের জন্য মঙ্গলকর হবেন।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর গত অগাস্টে সুনাক যখন কনজারভেটিভ দলের নেতা হওয়ার দৌড়ে নিজের প্রচারাভিযান শুরু করেন, তখন তিনি উত্তর লন্ডনে মূলত ব্রিটিশ ভারতীয়দের জন্য একটি সমাবেশের আয়োজন করেছিলেন।

Image

ছবি: বিবিসি

সেখানে তিনি ভারতীয় ঐতিহ্য অনুযায়ী তাদের শুভেচ্ছা জানান এবং ভাষণের এক পর্যায়ে হিন্দিতে কথা বলেন। সেখানে তিনি বলেছিলেন, যদি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন তবে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কাজ করবেন।

সুনাক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ ভগবত গীতায় হাত রেখে শপথ নিয়েছিলেন। অতি সম্প্রতি তিনি হিন্দু রীতি অনুযায়ী গোমাতার পূজা করেছেন, ডাউনিং স্ট্রিটে তার বাসভবনে দীপাবলি উপলক্ষ্যে বাতি জ্বেলেছেন এবং বলেছেন, অন্য সব ভারতীয়র মত তিনিও ক্রিকেট ভালোবাসেন।

সুনাকের শ্বশুর ভারতের বিখ্যাত ধনকুবের তথ্যপ্রযুক্তিভিত্তিক বহুজাতিক কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। বৃহৎ আউটসোর্সিং ফার্ম ইনফোসিস ভারতের জন্য রীতিমত গর্বের প্রতিষ্ঠান।

সুনাকের সঙ্গে যখন অকশতা মূর্তির বিয়ের কথা চলছে তখন মেয়েকে একটি চিঠি লিখেছিলেন নারায়ণ মূর্তি। যে চিঠিতে সুনাক সম্পর্কে তিনি লেখেন, ‘‘তুমি তার সম্পর্কে যেসব বর্ণনা দিয়েছো তাতে মনে হয়েছে সে দক্ষ, সুদর্শন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে সৎ।”

লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময়ও সুনাককে নিয়ে অনেক ভারতীয় দারুণ আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু তাদের হতাশ হতে হয়েছিল। যদিও সেই হতাশার মেয়াদ খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ৪৯ দিনের মাথায় ট্রাসের হাত থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব পেয়ে গেছেন সুনাক।

তবে সব ভারতীয় কিন্তু একরকম ভাবছেন না। যেমন শিক্ষাবিদ ও লেখক কাঞ্চা ইলি শেফার্ড মনে করেন, সুনাকের উত্তরণ ‘ব্রিটিশ ভোটার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুসংস্কৃতির প্রতি সহনশীলতার একটি উল্লেখযোগ্য নতুন স্তরের দিকনির্দেশনা দিচ্ছে’।

ভারতীয়রা সবসময়ই সে দেশের প্রবাসীদের কর্মজীবনের গতিপথ নিয়ে দারুণ উচ্ছসিত থাকেন বলে মনে করেন নিউ ইয়র্ক ভিত্তিক লেখক সলিল ত্রিপাঠি।

তিনি বলেন, ‘‘যখন সুন্দর পিচাই গুগল বা সত্য নাদেলা মাইক্রোসফ্ট পরিচালনা করেন, ভারতীয়রা সেটাকে তাদের গর্ব বলেই বিবেচনা করে। বিদেশে এই সাফল্যগুলিকে ভারতীয়রা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসাবে দেখেন। মোদ্দা কথা, অচেনা পরিবেশে এই ব্যক্তিদের সফল হওয়ার বিষয়টি বিশেষভাবে গর্বিত হওয়ার মতই।

‘‘তবে এই আলোচনায় যে বিষয়টি আসেনি সেটি হল শ্রেণী। সুনাক অভিজাত স্কুলে পড়েছে। সেখান থেকে তিনি অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডে যান। যেমনটি ভারতের কর্পোরেট সেক্টরের বেশিরভাগ সফল ব্যক্তি ভারতীয় অভিজাত সব বিশ্ববিদ্যালয় থেকে আসা।”

ব্রিটিশ কনজারভেটিভ পার্টিতে ভারতীয় বংশোদ্ভূত যেসব এমপি’রা আছেন, তাদের বেশিরভাগই ওইসব আসন থেকে জিতে এসেছেন যেগুলো দলটির শক্তঘাঁটি হিসেবে পরিচিত। তাই ‘স্থানীয় ভারতীয় বা বৃহৎ এশিয়ান কমিউনিটির মধ্যে তাদের আবেদন সীমিত’ বলেও মনে করেন এই লেখক।

তিনি বলেন, ‘‘বরং আলোচনা করতে গেলে সুনাকের এই অর্জন অন্য একটি কারণে অধিক গুরুত্বপূর্ণ। তিনি এমন একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছে যাদের নিজস্ব নোংরা ঔপনিবেশিক অতীত রয়েছে এবং একটি সমাজ যাদের সবসময় বর্ণবাদের মোকাবেলা করে যেতে হচ্ছে।”

যুক্তরাজ্য এবং ভারত এখন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) পৌঁছাতে কাজ করছে। গত জানুয়ারি থেকে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

ওই চুক্তিতে উভয় পক্ষ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করে তা এক ‍হাজার কোটি মার্কিন ডলারে উন্নিত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভারত যুক্তরাজ্যে তাদের চামড়া, গহনা, পোশাক এবং খাদ্যপণ্য রপ্তানি বড়াতে চাইছে। সেই সঙ্গে ভারতের আরো শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা নিশ্চিত করতে চায়।