‘চ্যাট শোর রাজা’ মাইকেল পারকিনসনের মৃত্যু
শারীরিকভাবে অসুস্থ পারকিনসন বুধবার রাতে নিজ বাড়িতেই মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মারা গেছেন চ্যাট শো উপস্থাপক স্যার মাইকেল পারকিনসন। পরিবার থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকদিন ধরে অসুস্থ থাকা পারকিনসন গতকাল (বুধবার) রাতে নিজ বাড়িতেই মারা গেছেন। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
পারকিনসনের এ মৃত্যুতে শোক পালন করতে দেওয়া এবং পারিবারিক গোপনীয়তা বজায় রাখতে দেওয়ার অনুরোধও বিবৃতিতে জানিয়েছে তার পরিবার।
তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে ২০১৩ সালে প্রোস্টেট ক্যান্সারের কারণে তাকে রেডিওথেরাপি চিকিৎসা নিতে হয়েছিল। পারকিনসন নিজেই পরে সে তথ্য জানিয়ে বলেছিলেন, দুই বছর চিকিৎসা গ্রহণের পর চিকিৎসকরা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেছিলেন।
পারকিনসনের মৃত্যুতে এক শোকবার্তায় বিবিসি-র মহাপরিচালক টিম ডেভি বলেছেন, “সত্যিই অসাধারণ, অবিশ্বাস্যরকমের একজন চ্যাট শো উপস্থাপক এবং সাংবাদিক ছিলেন পারকিনসন। তাকে খুবই মিস করব।”
তিনি আরও বলেন, “মাইকেল ছিলেন চ্যাট শোয়ের রাজা। একজন উপস্থাপক এবং একটি অনুষ্ঠান পরিচালনা কেমন হওয়া উচিত তা তিনি দেখিয়ে গেছেন এবং সবাই তাকে অনুসরণ করেছে।
“বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বড় তারকাদের সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন এবং অনুষ্ঠানগুলো এমনভাবে উপস্থাপন করেছিলেন যা জনসাধারণকে মুগ্ধ করেছিল। পারকিনসন যে কেবল প্রশ্ন করার বেলাতেই চৌকস ছিলেন তা নয়, বরং তিনি চমৎকার একজন শ্রোতাও ছিলেন।”
১৯৭১ সালের ১৯ জুন প্রথমবার বিবিসি টেলিভিশনে চ্যাট শো ‘পারকিনসন’ নিয়ে হাজির হন মাইকেল পারকিনসন। প্রথমদফায় টানা ১১ বছর ধরে ওই অনুষ্ঠান চলে। যে অনুষ্ঠানে সাংবাদিকতার অভিজ্ঞতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ, হাসিখুশি ও বিনয়ী আচরণের অদ্ভূত এক মিশেল ঘটান পারকিনসন।
১৯৯৮ সালে দ্বিতীয়বারের মত তিনি ‘পারকিনসন’ নিয়ে বিবিসি টেলিভিশনে ফেরেন। তিনি মোট দুই হাজারের বেশি অতিথির সাক্ষাৎকার নিয়েছেন।
তার তারকা অতিথিদের মধ্যে বিলি কনলি, মোহাম্মদ আলি, এলটন জন, ম্যাডোনা, হেলেন মিরেন ছিলেন। তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে মোহাম্মদ আলি তার সবচেয়ে প্রিয় ছিলেন বলে পারকিনসন নিজেই জানিয়েছিলেন।
১৯৩৫ সালে সাউথ ইয়র্কশায়ার এর কার্ডওয়ার্থ গ্রামে পারকিনসনের জন্ম হয়। তার বাবা ছিলেন একজন খনি শ্রমিক। যিনি ছেলের মনে ক্রিকেটের প্রতি ভালোবাসা জাগিয়েছিলেন।
দুই বার ও-লেভেল পাশ করার পর স্থানীয় একটি পত্রিকায় তিনি খেলার ফলাফল সংগ্রহ করার কাজ পান। দুই বছর ব্রিটিশ আর্মিতে কাজ করার পর তিনি ম্যানচেস্টার গার্ডিয়ান (পরে দ্য গার্ডিয়ান নাম হয়) পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন।
এর পর তিনি লন্ডনে দ্য ডেইলি এক্সপ্রেসে যোগ দেন। তারপর শুরু হয় তার টেলিভিশন সাংবাদিকতার ক্যারিয়ার। তিনি একইসঙ্গে সেই সময়ে দুই প্রতিদ্বন্দ্বী গ্রানাডা টেলিভিশন (বর্তমান নাম আইটিভি গ্রানাডা) এবং বিবিসি টেলিভিশনে একজন কারেন্ট অ্যাফেয়ার্স প্রেজেন্টার হিসেবে কাজ করা শুরু করেন।
পরে বিবিসি তাকে তার নিজের নামে বিবিসি ওয়ান টেলিভিশনে চ্যাট শো পরিচালনার জন্য নিয়োগ দেয়। ৩০ বছরের বেশি সময় ধরে যে অনুষ্ঠান চলেছে।
২০০৭ সালে পারকিনসন তার চ্যাট শো ‘পারকিনসন’ এর পর্দা টানেন। ‘পারকিনসন’ এর শেষ পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল। দুই ঘণ্টা ধরে চলা ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ডেভিড বেকহ্যাম, মাইকেল কেইন, ডেভিড অ্যাটেনবরা, জুডি ডেঞ্চ, এডনা এভারেজ, বিলি কনলি, পিটার কাই এবং জেমি কলাম।
এছাড়াও তিনি টেলিভিশনে আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তার মধ্যে আইটিভি-র টিভি-এম ব্রেকফাস্ট শো ‘গিভ আস এ ক্লু’ এবং বিবিসি ওয়ান এর ‘গোইং ফর এ সং’। ১৯৮০ এর দশকে তিনি বিবিসি রেডিও ফোর এ তিন বছর ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’ অনুষ্ঠান উপস্থাপনা করেন।
তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘মাইকেল পারকিনসন:মাস্টারক্লাস’ নামে একটি স্কাই আর্ট সিরিজও উপস্থাপনা করেছিলেন। মাইকেল পারকিনসনকে ২০০০ সালে সিবিই এবং ২০০৮ সালে নাইট উপাধিতে ভূষিত করা হয়।
যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বলেন, “ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পারকিনসন ছিলেন দৈত্যসম। যিনি টেলিভিশন সাক্ষাৎকারের সর্বোচ্চ মান ঠিক করেছেন।
“শনিবার রাতের টকশো দিয়ে তিনি আমাদের মতো লাখ লাখ মানুষকে আজীবন বিনোদন দিয়ে গেছেন। তিনি আমাদের সবচেয়ে মূল্যবান টিভি ব্যক্তিত্বদের একজন ছিলেন।”
