গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ: উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণের সামরিক চুক্তিতে ফাটল
উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের জেরে ২০১৮ সালে দেশটির সঙ্গে হওয়া সামরিক চুক্তির আংশিক স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পর এর জেরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির ২০১৮ সালে হওয়া সামরিক চুক্তিতে ফাটল ধরেছে।
বিবিসি জানায়, চুক্তিটি আংশিক স্থগিত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই দেশের সীমান্তে একতরফা কোনও সংঘাতের ঝুঁকি কমানোই ছিল এ চুক্তির লক্ষ্য।
উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু।
সিউল বলেছে, তারা সামরিক চুক্তির আওতায় প্রতিষ্ঠা করা উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ভঙ্গ করে উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর আবার নজরদারি ফ্লাইট চালু করবে।
বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এমন পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ বুধবার জানায়, তাদের মালিগিয়ং-১ নামের উপগ্রহ ‘যথাযথভাবে’ কক্ষপথে প্রবেশ করেছে এবং নেতা কিম উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন।
মঙ্গলবার রাতে এই উপগ্রহ উৎক্ষেপণের পর শিগগিরই আরও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা স্যাটেলাইট আসলেই কাজ করছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র জোরালভাবে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আদ্রিয়ান ওয়াটসন বলেছেন, “এই পদক্ষেপে ওই অঞ্চল এবং এর বাইরে নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার ঝুঁকি আছে।”
কার্যকর একটি গোয়েন্দা উপগ্রহ উত্তর কোরিয়ার পঞ্চবার্ষিক সামরিক পরিকল্পনার মূল একটি অংশ। ২০২১ সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই পরিকল্পনা নিয়েছিলেন।
