১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৯

আরকানসে দুইজনের মৃত্যু হয়েছে। ওকলাহোমায় দুইজন এবং টেক্সাসে পাঁচজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৯
ছবি : বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:26 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোয় ৯ জনের প্রাণহানি হয়েছে। শক্তিশালী এ ঝড়ের তাণ্ডবে বেশকিছু ভবন এবং টেক্সাসের উত্তরাঞ্চলের বেশকিছু অংশ ধ্বংস হয়ে গেছে।

আরকানসে দুইজনের মৃত্যু হয়েছে। ওকলাহোমায় দুইজন এবং টেক্সাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ডেটন এবং কুক কাউন্টি।

কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটোন আরও বহু মানুষ আহত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে তিনি বলেন, “আমরা এখন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছি। আমার আশা আমরা এখনও জীবিতদেরকে খুঁজে পাব।”

ফুটেজে দেখা গেছে, কুক কাউন্টিতে একটি পেট্রোল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওকলাহোমায় মায়েস কাউন্টিতে দুইজনের মৃত্যু হওয়াসহ ৬ জন আহত হয়েছে বলে বিবিসি-কে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আরকাসন এর কর্মকর্তারা বলেছেন, ওলভিতে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে ২৬ বছরের এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। বেন্টন কাউন্টিতে পাওয়া গেছে আরেকজনের মৃত্যুর খবর। রাজ্যটিতে আরও বহু মানুষ আহত হওয়ারও একাধিক খবর মিলেছে।

জাতীয় আবহাওয়া দপ্তর টেক্সাস, আরকানস এবং ওকলাহোমায় শনিবার টর্নেডোর সতর্কতা জারি করেছিল। ওইসব এলাকায় গত কয়েকদিন তাপপ্রবাহ ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে ভয়াবহ টর্নেডো হয়ে থাকে। প্রতি বছরই মে মাসে শক্তিশালী টর্নেডো হয়।