গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ‘ফাইনাল’ প্রস্তাব খতিয়ে দেখছে হামাস
তবে দুই পক্ষের সাম্প্রতিক মন্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হওয়ায় আদৌ তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন যে প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘ফাইনাল’ বা ‘চূড়ান্ত’ অ্যাখ্যা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস।
সশস্ত্র এ গোষ্ঠীটি বুধবার আরও বলেছে, ইসরায়েলি সেনাদের অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ছাড়তে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে।
মঙ্গলবার ট্রাম্প জানান, তার প্রতিনিধি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর তেল আবিব হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তাবলীতে রাজি হয়েছে। তবে শর্তগুলো কী, তা বলেননি তিনি।
এরপর দেওয়া বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে পাওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে, এমন একটি চুক্তিতে পৌঁছানো যা যুদ্ধের ইতি টানার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করবে।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর জনসমক্ষে করা প্রথম মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নির্মূলের ডাক দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“কোনো হামাস থাকবে না। ‘হামাস্তানও’ হবে না। আমরা হতে দেবো না। এই সুযোগ শেষ,” ট্রান্স-ইসরায়েল পাইপলাইন আয়োজিত এক সভায় এমনটাই বলেছেন তিনি।
দুই পক্ষের মন্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হওয়ায় আদৌ তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
“আশা করছি, এবার কাজ হবে, দুই মাসের জন্য হলেও যুদ্ধবিরতি হবে, তাতে হাজার হাজার নিষ্পাপ মানুষের জীবন বাঁচবে,” ফোনে রয়টার্সকে বলেছেন গাজার বাসিন্দা কামাল।
ট্রাম্পের মন্তব্যের পরও দীর্ঘমেয়াদী শান্তি আসবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান।
“আমাদের আশা তিনি তেমনই গুরুত্ব সহকারে দেখছেন, যেমনটা দেখেছেন ইসরায়েল-ইরান যুদ্ধকে। তখন তিনি বলেছিলেন, যুদ্ধ থামা উচিত, এরপরই তা থেমে যায়,” বলেছেন গাজার দক্ষিণের খান ইউনিসের বাসিন্দা আদনান আল-আসার।
ইসরায়েলের ভেতরেও স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ও প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর জনসাধারণের চাপ বাড়ছে। নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকারের কট্টরপন্থি সদস্যরা অবশ্য যুদ্ধ আরও চালিয়ে যাওয়ারই পক্ষে।
তেল আবিব ও এর অনেক মিত্রই মনে করছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ১২ দিনের যুদ্ধের পর ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি তেহরানঘনিষ্ঠ হামাসের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এখনই সময় সেই চাপকে কাজে লাগানোর।
ইসরায়েলি নেতাদের বিশ্বাস, ইরান দুর্বল হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্যই এখন ইসরায়েলের সঙ্গে গাঁটবন্ধন বাধার সুযোগ সৃষ্টি হয়েছে।
তাদের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বলেছেন, জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতিতে পৌঁছাতে ‘ইসরায়েল আন্তরিক’।
“কিছু ইতিবাচক লক্ষণ আছে। আমি এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করা,” বলেছেন তিনি।
হামাসের হাতে বন্দি হওয়া অর্ধশত জিম্মির মধ্যে এখনও প্রায় ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।
