২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে বিচলিত ইরান?

যুক্তরাষ্ট্র যে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা চায় না, সেটা দেশটির কর্মকর্তারা আগেই জানিয়ে দিয়েছেন।

ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে বিচলিত ইরান?
ইরানের রাজধানী তেহরান থেকে ৩২২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। ইসরায়েলের সম্ভাব্য হামলার লক্ষ্য দেশটির এসব কেন্দ্র। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 01:57 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

ইসরায়েলে প্রায় দুই সপ্তাহ আগে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তির জানান দিলেও চিরবৈরী ইহুদী রাষ্ট্রটির পাল্টা হামলার মাত্রা যাতে কম কিংবা কার্যত ব্যর্থ হয়, সেজন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। 

তবে কি ইসরায়েলের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরান বিচলিত?

এক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের বিচলিত হওয়ার কারণও রয়েছে। 

ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা ঠেকাতে ইসরায়েলকে বোঝাতে যুক্তরাষ্ট্র সফল হবে কি না, তা নিয়ে দেশটি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের ক্রমাগত আক্রমণে এই অঞ্চলে ইরানের সহযোগী হিসেবে পরিচিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ অনেকটা দুর্বল হয়ে পড়াতেও চিন্তায় ইরান। 

অন্যদিকে ইরানের গত ১ অক্টোবরের হামলার জবাব ইসরায়েল কীভাবে দেয়, তা জানতে দীর্ঘদিনের মিত্র দেশটির সঙ্গে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

কারণ যুক্তরাষ্ট্র যে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা চায় না, সেটা দেশটির কর্মকর্তারা আগেই জানিয়ে দিয়েছেন। 

দুই মাসের মধ্যে গত বুধবারই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি জানিয়েছেন, ইসরায়েলের পাল্টা হামলা ‘সমানুপিাতিক’ হবে, এটাই তার চাওয়া। 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারও ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কার কথা জানিয়েছে। 

আরব কূটনীতিকরা বলছেন, পাল্টা হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। 

এ বছরের শুরুতে দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইরায়েলের হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। তখন থেকেই দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছিল। 

বৈরী দেশ দুটি সংঘাতে জড়ালে তা আঞ্চলিক যুদ্ধ হিসেবে ছড়িয়ে পড়তে পারে, যা অবধারিতভাবে যুক্তরাষ্ট্রকেও টেনে আনতে পারে। আর এটি নিয়েই বেশি উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। 

শঙ্কার একটি বড় বিষয় হলো, গত এক বছর ধরেই ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে দেখা গেছে। 

গাজার মতো লেবাননেও হামলার ক্ষেত্রে সংযম দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েল ক্রমাগতভাবেই সেসব আহ্বান উপক্ষো করছে।  

গত এক মাসে লেবাননে ইসরায়েলের হামলায় ১৪শর বেশি মানুষের প্রাণহানিও সেটির প্রমাণ দেয়। 

গত মাসে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে তাদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানোর আগেও যুক্তরাষ্ট্রকে কিছু জানায়নি ইসরায়েল। সবশেষ বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার আগেও কোনো আভাস দেয়নি। অথচ তার ৪৮ ঘণ্টারও কম সময় আগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। 

তবে ইরানে পাল্টা আঘাত হানার বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে শুক্রবার সিএনএনকে নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব কমে আসতে থাকায় সেটি (হামলা তীব্রতা) সেভাবে নাও হতে পারে। 

ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তার ভাষ্য, “তারা মত (হামলার পক্ষে) দিয়েছে কিনা, আমরা জানি না।” 

যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময়ে স্বচ্ছতার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, কৌশলগত খুব বেশি তথ্য তাদের কাছে থাকে না। 

ইরানের পারমাণিবিক স্থাপনাগুলো হামলার লক্ষ্য হবে না, এমন কোনো নিশ্চিয়তা গত সপ্তাহ পর্যন্ত মেলেনি ইসরায়েলের কাছ থেকে। 

ইহুদী দেশটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা কয়েক দশক ধরেই করছিল। দুই বছর আগেও হামলার একটি সামরিক মহড়াও করেছিল দেশটি। 

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যায় ইসরায়েল জড়িত বলে ধারণা করা হয়। তাছাড়া প্রায়ই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যেসব সাইবার হামলা ঘটনা ঘটে, সেসবের পেছনে ইসরায়েলের হাত থাকে বলে ধারণা করা হয়। ইসরায়েলের বিখ্যাত স্টাক্সনেট ভাইরাস তো ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছিল। 

হামলা হবে শক্তিশালী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ওয়াভ গ্যালান্ট গত শুক্রবার এক কঠোর বার্তায় বলেছেন, ইরানের তাদের হামলা হবে শক্তিশালী। 

“আমাদের হামলা হবে শক্তিশালী, সুনির্দিষ্ট এবং সর্বোপরি বিস্ময়কর। তারা (ইরান) বুঝতেই পারবে না, কী হলো, কীভাবে হলো।”

এমন পরিস্থিতিতে আরব দেশগুলো অবশ্য পাশে থাকার কথা বলেছে বলে জানিয়েছেন একজন কূটনীতিক। 

যদিও ইরান হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েলকে সহায়তাকারী যেকোনো দেশকে তারা আগ্রাসনকারী হিসেবে ধরে নেবে এবং এমন প্রতিবেশীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে।

কিন্তু সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে জানিয়ে দিয়েছে, হামলা হলে ইসরায়েলকে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। জর্ডানও তার আকাশসীমায় যে কোনো অন্রপবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। 

যুক্তরাষ্ট্র মনে করে না, ইরান ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে। 

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে বলেছেন, “নেতানিয়াহুই একমাত্র ব্যক্তি, যিনি যুদ্ধ চান এবং ক্ষমতায় থাকার জন্য এ অঞ্চলে আগুন লাগাতে চান।” 

অন্যদিকে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রতিনিয়িতই ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কাতার, এবং সেসব তথ্য যুক্তরাষ্ট্রকেও জানানো হয়। 

কিন্তু যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, “আমরা আসলে জানি না, ইরান কী করবে।”

দেশটির আরেকজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যদি হামলা করে, তার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের ভিন্ন পরিকল্পনা থাকতে পারে। কিন্তু সেটিও নির্ভর করবে ইসরায়েলের হামলা কতটা শক্তিশালী হয় এবং কতটা সুযোগ পাওয়া যাবে, তার ওপর।   

আরব কূটনীতিক বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান মূলত সৌদি আরবের সহায়তা পাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সৌদি আরবের ওপর যুক্তরাষ্ট্রের যে প্রভাব, সেটিকেও কাজে লাগানোর চেষ্টা করছে সংঙ্কট সমাধানে। 

দুই দেশের কর্মকর্তারা এক মাসের কম সময়ের মধ্যে অন্তত তিনবার বৈঠক করেছেন। গত বুধবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সৌদি আরব সফর করেছেন ‘আঞ্চলিক উন্নয়ন’ এবং ‘লেবানন ও গাজায় ইহুদী আগ্রাসন বন্ধের’ বিষয় নিয়ে আলোচনা করতে।

সবমিলিয়ে ইসরায়েল কীভাবে ইরানের হামলার জবাব দেয়, সেদিকেই এখন পুরো বিশ্বের নজর। তবে অন্তত ‘ইয়োম কিপ্পুর’ উদযাপনে শনিবার সূর্যাস্ত পর্যন্ত তারা অপেক্ষা করবে বলে ধারণা করা হচ্ছে। 

ইহুদী ধর্মে ‘ইয়োম কিপ্পুর’ দিনটি পবিত্র হিসেবে গণ্য করা হয়, যেদিনে ইহুদী ধর্মের অনুসারীরা তাদের পাপের জন্য ইশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। 

যদিও ইরানে যেকোনো সময় ইসরায়েলের হামলা অসম্ভব না। আর সেটি হলে এদিন দোকানপাট, রেস্তোরাঁসহ সব ধরনের পরিষেবার পাশাপাশি তেল আবিবের মূল বিমান বন্দর বেন গুরিয়নও বন্ধ হয়ে যেতে পারে। 

হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল ইরান

ইসরায়েলে হামলা 'ন্যূনতম শাস্তি': বিরল খুতবায় বললেন খামেনি

ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা কেমন হতে পারে, তখন ইরান কী করতে পারে

ইরানে হামলার ছক কষছে ইসরায়েল, বাড়ছে ঝুঁকি