রাশিয়ায় গ্রেপ্তার রেডিও ফ্রি ইউরোপের নারী সাংবাদিক
গ্রেপ্তার আলসু কুরমাশেভা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।
বিদেশি এজেন্ট হিসেবে নাম নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) এর সম্পাদক আলসু কুরমাশেভা রাশিয়ায় আটক হয়েছেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কুরমাশেভা জরুরি পারিবারিক প্রয়োজনে গত ২০ মে রাশিয়া যান বলে জানায় আরএফই/আরএল।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন চালানো পর থেকে সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ কঠোর করেছে রাশিয়া। ফলে দেশটিতে সামনের সারির সব স্বাধীন সংবাদ মাধ্যম নিজেদের আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেক সাংবাদিক ও প্রকাশককে রাশিয়া ‘বিদেশি এজেন্ট’ বলে আখ্যায়িত করেছে।
গত মার্চে গুপ্তচর বৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিনিধি ইভান গার্শকোভিচ রাশিয়া গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সাংবাদিক দেশটি থেকে বের হয়ে যান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মার্কিন নাগরিকদের বার বার রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়।
আরএফই/আরএল এর তাতার-বাশকির সার্ভিসের সম্পাদকদের একজন কুরমাশেভা পারিবারিক কাজ শেষে রাশিয়া ছাড়তে তার ফিরতি ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। সে সময়ে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। রুশ কর্তৃপক্ষের কাছে তার মার্কিন পাসপোর্ট নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তাকে জরিমানাও করা হয়েছিল।
রাশিয়ার পক্ষ থেকে ১৮ অক্টোবর দেওয়া এক ঘোষণায় কুরমাশেভার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নিজের পাসপোর্ট নিবন্ধন না করার অভিযোগ আনা হয়েছে বলেও জানায় রেডিওটি।
স্নায়ু যুদ্ধের আমল থেকে রাশিয়ায় ‘বিদেশি এজেন্ট’ শব্দটি ব্যবহার করা হয়। কোনো সংগঠন, সাংবাদিক, সমাজকর্মী এমনকি পপ তারকা ও লেখকদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে তারা বিদেশিদের সমর্থনে রাশিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা হয়।
আরএফই/আরএল এর ভারপ্রাপ্ত প্রধান জেফরি গেডমিন বলেন, “আলসু একজন খুবই সম্মানিত সহকর্মী, একনিষ্ঠ স্ত্রী এবং দুই সন্তানের নিবেদিত মা।
“তাকে মুক্তি দেওয়া উচিত, যেনো তিনি দ্রুত তার পরিবারের কাছে ফিরতে পারেন।”
রুশ সরকারের পক্ষ থেকে কুরমাশেভার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
