হামাসের হুমকির পর ইসরায়েলের আশকেলন শহরে বিস্ফোরণ
ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলনে হামলার হুমকি দিয়ে সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল হামাস।
ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলনে হামলার হুমকি দিয়ে সেখান থেকে বাসিন্দাদের সন্ধ্যার মধ্যে সরে যেতে বলেছিল ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই সময়সীমা পার হওয়ার পরই আশকেলনে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসি জানায়, ইসরায়েল সরকারও গত কয়েকদিনে গাজার বিভিন্ন নিশানায় হামলা চালানোর আগে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। এরপরই হামাস আশকেলন থেকে অধিবাসীদের সরে যাওয়ার বার্তা দেয়।
ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। শনিবার থেকে ইসরায়েলে ৪ হাজার ৫০০ রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আশকেলনে অধিবাসীদের সরে যাওয়ার হামাসের সময়সীমা পেরোনোর পরও সেখানে শতশত রকেট হামলা হয়েছে।
হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০০০ জনে। অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮৩০ জনে দাঁড়িয়েছে।
গাজায় চলমান বিমান হামলা শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের নিয়ে কোনও সমঝোতা হবে না বলে মঙ্গলবার জানিয়েছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে।
তিনি বলেন, “শত্রুপক্ষের জিম্মিদের নিয়ে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের সব পক্ষকে আমরা বলছি, এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত এ ফাইল খুলবে না।”
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে গুলি চালিয়ে বহু ইসরায়েলিকে হত্যা করে এবং আরও অনেক ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে।
