২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ও দক্ষিণে জোড়া জয়ে নজির গড়লেন রাহুল গান্ধী

উত্তর থেকে দক্ষিণ, রায়বরেলি থেকে ওয়েনাড়- একসঙ্গে দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ, রায়বরেলি থেকে ওয়েনাড়- একসঙ্গে দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়ে নজির গড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

উত্তর প্রদেশের রায়বরেলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে পিছনে ফেলে প্রায় ৪ লাখ ভোটে জয়ী হয়েছেন তিনি। আর তার নিজের কেন্দ্র দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাড়েও ৩ লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে জয়ী হয়েছেন রাহুল। 

এটি নিছক নির্বাচনী-জয় নয়, রাহুল ও তার দলের সম্মানের জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই রাহুল গান্ধীকে বিপুল জয়ের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রায়বেরেলি ও ওয়ানাডে ভোটের লড়াই ছিল আদতেই রাহুল তথা গান্ধী পরিবারের সম্মানের লড়াই। আর সেই লড়াইয়ে দারুণভাবে জয়ী হলেন রাহুল।

এক বছর আগে মোদী পদবি নিয়ে মানহানি মামলার জেরে রাহুল গান্ধীকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছিল। তার সরকারি বাংলোও কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিমকোর্টের রায়ে পুনরায় সংসদে ফিরেছিলেন রাহুল। ফিরে পান সরকারি বাংলোও। 

তারপর এবার দুই কেন্দ্রে একসঙ্গে রাহুলের জয় তার নিজের এবং বিরোধীদের কাছেও নৈতিক জয় বলে মনে করা হচ্ছে।

রায়বরেলির মতো কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর প্রদেশের আমেঠিও। যদিও ২০১৯-সালে এ আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী। 

কিন্তু এবার সেই স্মৃতি ইরানি আমেঠিতে ধরাশায়ী হয়েছেন। তাকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ-কে.এল শর্মা। এছাড়া ইন্ডিয়া জোটও বেশ ভাল ফল করেছে।