২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নটিংহামে হামলায় নিহত ৩, একজন গ্রেপ্তার

ইল্কস্টোন রোডে দুই জন এবং মাগদালা রোডে আরেকজন নিহতের লাশ পাওয়া যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নটিংহামে হামলায় নিহত ৩, একজন গ্রেপ্তার

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:18 PM

Updated : 13 Jun 2023, 08:53 PM

যুক্তরাজ্যের নটিংহাম শহরের কেন্দ্রস্থলে কয়েকদফা হামলার ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, তারা মঙ্গলবার ভোর চারটার দিকে ইল্কস্টোন রোডে দুই জনের লাশ পেয়েছে। শহরের মাগদালা রোডে আরেকজন নিহতের লাশ পাওয়া গেছে।

আরেক ঘটনায় মিলটন রোডে একটি ভ্যান তিনজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছে। এই তিনজন আহত মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা গুরুতর।

সন্ত্রাসবিরোধী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। হামলার ঘটনায় জড়িত সন্দেহে বেন্টিঙ্ক রোড থেকে ৩১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই রাস্তাটি মিলটন রোডের একমাইল উত্তর-পশ্চিমে। সেখানে একটি ভ্যানও পাওয়া গেছে। হামলায় গাড়ি ছাড়াও ছুরি ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী মানসিকভাবে অসুস্থ কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর নটিংহাম অভিমুখী অনেক রাস্তাই বন্ধ করে দেওয়া হচ্ছে। রাস্তায় দুইজনের লাশ পড়ে থাকার খবর পুলিশ পাওয়ার পর মূল অভিযান শুরু হয়েছে। সতর্কবার্তাও জারি করা হয়েছে।

পুলিশের প্রধান কনস্টেবল কেট মেনিল বলেছেন, “আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি। হামলার উদ্দেশ্য কি তা নির্ধারণ করা প্রয়োজন। এ ব্যাপারে তথ্য পাওয়া মাত্রই আমরা আরও বিস্তারিত কিছু জানাতে পারব।”

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসি টিভিকে বলেছেন, তিনি একটি ভ্যানকে এক নারী ও একটি পুরুষকে ধাক্কা দিতে দেখেছেন। তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। ভ্যানগাড়িটির জানালার কাচ এবং বনেট ক্ষতিগ্রস্ত হয়েছে।