ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে গেলে গাজায় আগ্রাসন বন্ধে কী করতে পারে বিশ্ব?
এর আগে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরও গাজায় হামলা অব্যাহত ছিল, ফলে সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি। এখন ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান চলছে। ফলে গাজায় আগ্রাসন থামবে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
গাজায় যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই চুক্তি গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাবে বলে তিনি মনে করছেন। যদিও সেই পরিকল্পনা ইসরায়েলকে গাজার কিছু অংশে স্বল্প মেয়াদে অবস্থানের সুযোগ করে দেবে।
ফলে এই চুক্তি শেষ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন থামিয়ে গাজায় শান্তি আনতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ ও সমালোচকরা।
কারণ হিসেবে তারা মনে করছেন, গত বছর এমন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েলি বাহিনী। ফলে সেটি বেশি দিন টেকেনি। এখন নতুন শান্তি পরিকল্পনার মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান চলছে। যে কারণে এই চুক্তি আদতে যুদ্ধ থামাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
আর যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে যায়, তবে ইসরায়েল অভিযান আরও জোরদার করবে, যা ইতোমধ্যে গাজাকে ধ্বংস করে দিয়েছে, প্রাণ গেছে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনির। বিশ্বজুড়ে ইসরায়েলের সমালোচনার মধ্যেও এটি ঘটবে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের একটি কমিশন মানবাধিকার কর্মীদের কথার পুনরাবৃত্তি করে বলেছে, ইসরায়েলের গাজায় যা করছে তা আদতে গণহত্যা। এরপরই ইউরোপিয়ান ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের প্রস্তাব করে। অগাস্টে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা বলে, ইসরায়েলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ সৃষ্টি করেছে গাজায়।
সেপ্টেম্বরে ইসরায়েলের মিত্র দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে। তার আগে গত বছর নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড এই স্বীকৃতি দিয়েছে।
ব্যক্তি হিসেবে বিভিন্ন দেশের নেতারাও ইসরায়েলের সমালোচনা করেছেন। গাজায় নৃশংসতা না থামালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত মাসে বৈশ্বিক ক্রীড়া সংগঠনগুলো থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানান। মে মাসে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরচ মুসার ইসরায়েলের আগ্রাসনকে ‘গণহত্যা’ আখ্যা দেন।
তাহলে এই দেশ ও সংগঠনগুলো একই অবস্থানে থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই একত্রে ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামানো এবং গাজা থেকে তাদের সরাতে পারবে?
কিংবা গাজায় শান্তি ফেরাতে জাতিসংঘ কিছু করতে পারবে?
বয়কট আর বাণিজ্য নিষেধাজ্ঞার মত বিষয়গুলো কোনো কাজে আসবে?
অথবা ব্যক্তি ভূমিকায় গাজায় আগ্রাসন বন্ধ করে শান্তি ফেরানো সম্ভব?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে চারজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
তারা হলেন- ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মাইকেল লিঙ্ক; ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকার (আন্তর্জাতিক অপরাধ আদালতে কাজ করেছেন): সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসবিদ নিক কাল এবং লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞ ড্যানিয়েল বিয়ানচি।
জাতিসংঘ কী করতে পারে?
আন্তর্জাতিক আইনের অধ্যাপক মাইকেল লিঙ্ক বলেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন থামাতে জাতিসংঘই হতে পারে সবথেকে কার্যকর পথ। জাতিসংঘের হস্তক্ষেপে হামলা-আক্রমণ থামানোর উদাহরণও আছে।
তিনি বলেন, “ইসরায়েলে ১৯৪৮ সালের জাতিসংঘ কনভেনশন ও ১৯৯৮ সালের রোম সংবিধি লঙ্ঘন করেছে। এসব চুক্তিতে বিভিন্ন দেশ স্বাক্ষর করেছে। নিয়ম অনুযায়ী নৃশংসতা ও গণহত্যার ঘটনা থামাতে রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা রয়েছে।
“এখন পর্যন্ত সেই কাজটি কেবল করছে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন (হুতিরা)। তারা ড্রোন ছুড়েছে, কেবল সংযোগ বিচ্ছিন্ন ও জাহাজ চলাচল আটকে দিয়েছে।”
ইতিহাসের বিভিন্ন যুদ্ধ সংঘাতে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে মাইকেল লিঙ্ক বলেন, ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধ থামাতে সাধারণ পরিষদ ‘ইউনাইটিং ফর পিস রেজোলিউশন পাস করে। এর আগে নিরাপত্তা পরিষদ উদ্যোগ নিলেও সোভিয়েত ইউনিয়নের ভিটোর কারণে তা পণ্ড হয়।
তবে ‘ইউনাইটিং ফর পিস রেজোলিউশন’ সাধারণ পরিষদের শক্তিশালী সমর্থন পাওয়ার পর কোরিয়া সংঘাত বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের আইনি পথ খোলে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও স্থায়ী না হলেও একটি যুদ্ধবিরতির পথ তৈরি হয়ে যায়।
অধ্যাপক লিঙ্ক বলেন, “৭৫ বছর পরও সেই দৃষ্টান্ত ব্যবহার করা যেতে পারে। এটি জাতিসংঘকে গাজায় সামরিক বাহিনী পাঠানোর কর্তৃত্ব দিতে পারে। মনে রাখবেন, এটি এমন একটি জায়গা, যার ব্যাপারে জাতিসংঘ রায় দিয়েছে, দখলকৃত অন্যান্য অঞ্চলের মত গাজাতেও ইসরায়েলের অবস্থানের কোনো জায়গা নেই। একবার ঢুকে পড়তে পারলে জাতিসংঘের বাহিনী মানবিক ত্রাণ সহায়তার কার্যক্রম চালাতে পারবে। অবকাঠামো পুনর্নির্মাণ করতে পারবে। পানি, বিদ্যুতের মত পরিষেবা ঠিকঠাক করতে পারবে। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা শুরু করতে পারবে।”
তিনি বলেন, “জাতিসংঘ চার্টারের অনুচ্ছেদ ৬ অনুযায়ী নিয়ম লঙ্ঘনকারী সদস্যদের বের করে দিতে পারে এ সংস্থা। কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন। ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার বারবার চেষ্টা করা হয়। কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য ভিটো দিলে তা সম্ভব হয়নি।
“তবে জাতিসংঘ একটি রেজোলিউশন পাস করে ঘোষণা দেয়, দক্ষিণ আফ্রিকাকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হবে না। জাতিসংঘের তরফ থেকে দেশটিকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন ইসরায়েলের ক্ষেত্রেও সাধারণ পরিষদের একই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।”
জাতিসংঘ ছাড়া রাষ্ট্রগুলো কী করতে পারে?
আলজাজিরার বিশ্লেষণের এই প্রশ্নের জবাব দিয়েছেন ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকার।
তিনি বলেন, “এই প্রশ্নের খুব ভালো জবাব নেই। মানবিক হস্তক্ষেপ ও সুরক্ষা দেওয়ার মত ধারণাগুলো নব্বই দশক থেকে অনেক আগ্রহ তৈরি করেছে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে বৈধভাবে শক্তি প্রয়োগ ও আত্মরক্ষার বৈধ দাবির মত মূল দৃষ্টিভঙ্গিই এখন রয়েছে।”
“১৯৪৮ সালে গণহত্যা কনভেনশন অনুযায়ী সকলকে গণহত্যা প্রতিরোধ করতে হবে। কিন্তু জোর করে হস্তক্ষেপ করার মত আইনি ভিত্তি তা দেয় না। আরেকটি বিষয় হতে পারে সমন্বিত আত্মরক্ষা কৌশল অথবা অন্যকে হস্তক্ষেপের আমন্ত্রণ জানানো। এটি ফিলিস্তিনকে এমন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করে, যেটি ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার অভিযানে যোগ দিতে তৃতীয় রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তার সার্বভৌমত্বের চর্চা করতে পারে।”
অধ্যাপক বেকার বলেন, এই উদাহরণগুলোতে আন্তঃরাষ্ট্রীয় সশস্ত্র সংঘাতের উদ্বেগ নেই। তবে আন্তর্জাতিক নয়–এমন সশস্ত্র সংঘাত তৈরি করতে পারে। যেমন- ‘এ’ রাষ্ট্র তার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী দমনে ‘বি’ রাষ্ট্রকে আমন্ত্রণ জানাতে পারে।
“১৯৯০ সালে এমনটি ঘটেছিল ডিআর কঙ্গোতে। তখন ইস্টার্ন কঙ্গোতে আমন্ত্রণ জানানো হয়েছিল উগান্ডাকে। তবে এটি তখন ডিআর কঙ্গো ও উগান্ডার মধ্যে বিতর্ক তৈরি করে। কারণ ডিআর কঙ্গো তার সিদ্ধান্ত তুলে নিলেও উগান্ডার সেনারা ইস্টার্ন কঙ্গো থেকে সরে যাচ্ছিল না।”
এইক্ষেত্রে সাম্প্রতিক উদাহরণ হিসেবে ইরাকের অঞ্চলে আইএসআইএলের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের কথা তুলে ধরেছেন বেকার।
তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের সম্মতিতে অভিযান চালাচ্ছিল। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে একই জিনিস ঘটেনি। সিরিয়ায় আইএসআইএলের বিরুদ্ধে অভিযানের আইনি ভিত্তি নিয়ে অনেক বেশি অস্পষ্টতা ছিল।
“তাহলে ফিলিস্তিন কি কোনো রাষ্ট্রকে সশস্ত্র সহযোগিতার জন্য আমন্ত্রণ জানাতে পারে? আমার মনে হয় সেটি পারবে, যদি ফিলিস্তিন নিজেই দাবি করে সে ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার পদক্ষেপ নিচ্ছে।
“কিন্তু এখানে কিছু জটিলতা আছে। এটা স্পষ্ট নয় কে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে। যদি রামাল্লার ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) দাবি করে, তবে হামাসের আত্মরক্ষার দাবি আইনি ভিত্তি নাও পেতে পারে। এর মধ্যে দখলদারত্বের আইন কীভাবে ভূমিকা রাখতে পারে, আসলে সে ব্যাপারে আমি নিশ্চিত না।”
নিষেধাজ্ঞা ও বাণিজ্য অবরোধ কোনো কাজে আসবে?
এই প্রশ্নে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড্যানিয়েল বিয়ানচি বলেন, রাশিয়ার কথা যদি ধরা হয়, বিশ্ব ইতোমধ্যে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু চীনের সহায়তায় রাশিয়া টিকে আছে। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার ফলও হয়ত একইরকম হবে।
“এটাই বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া নিষেধাজ্ঞা ও বাণিজ্য অবরোধ দিলে ইসরায়েলে তার প্রভাব পড়বে, কিন্তু দেশটিকে একেবারে থামিয়ে দেবে না। যুক্তরাষ্ট্রের সবথেকে বড় রপ্তানি অংশীদার ইসরায়েল। চীন, ইউরোপিয়ান ইউনিয়ন ও সম্ভাব্য ভারত মিলে নিষেধাজ্ঞা আরোপ করলে ইসরায়েলি কোম্পানিগুলোর কিছু ক্ষতি হবে। কিন্তু আপনি একেবারে থামিয়ে দিতে পারবেন না।
“দেখতে হবে ইসরায়েল কী রপ্তানির ওপর নির্ভর করে। দেশটি পণ্যসামগ্রী রপ্তানি করে না, যা নিষেধাজ্ঞার আওতায় আনা যেতে পারে। কিন্তু তাদের প্রযুক্তির মত বিষয়গুলোতে নিষেধাজ্ঞা দিলে সেগুলোর বিকল্প সহজেই পাওয়া যাবে না। এমনকি ২২ মাস ধরা চলা যুদ্ধের পর ইসরায়েলের অর্থনীতি ভালো চলছে। ঋণ নিয়ে বিতর্ক আছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও আগের মত হচ্ছে না। কিন্তু যারা অর্থনীতি পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা ভুল বলেই মনে হচ্ছে।”
জনগণ কী করতে পারে?
সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিক কাল বলেন, “সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে বর্জন সংস্কৃতি দেশের জনমত পরিবর্তন ও জনমত গঠনেও কাজ করে। সাংস্কৃতিক বয়কটের মানে একটি দেশ ও তার নাগরিকদের বার্তা দেওয়া যে, তাদের আচরণ এতটাই সীমা লঙ্ঘন করেছে যে তাদের সেঙ্গ আর সম্পর্ক রাখা চলে না।”
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এই ধারণা প্রথম প্রস্তাব করেছিলেন ট্রেভর হাডলস্টন নামের এক ব্যক্তি। ১৯৫৪ সালে তিনি সাংস্কৃতিক বয়কটের পরামর্শ দিয়েছিলেন। পরে ১৯৬৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ওই ধারণাই প্রতিষ্ঠা করে ফেলে।
“আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ধীর, তবে গতিশীল নিয়ামক হচ্ছে সংস্কৃতি। বিশেষজ্ঞরা জানেন, দেশের সুনাম সময় নিয়ে ধীরে ধীরে তৈরি হয়। কয়েক বছর, এমনকি দশক পর সেটি ক্ষয় পেতে থাকে। এই গতি বেশিরভাগ মানুষ বা সরকার কল্পনা করতে পারে না। সাংস্কৃতিক বয়কটও একই নিয়মে কাজ করে।”
কাল বলেন, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী রাষ্ট্রকে ‘বিশ্বের পরাজয়’ হিসেবে বর্ণনা করেছেন।
দক্ষিণ আফ্রিকায় সাংস্কৃতিক বয়কট চাপ তৈরি করে চার দশক। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী ব্যবসায়িক নেতা ও পরে রাজনৈতিক নেতাদের আলোচনায় বসতে বাধ্য করেছিল।
