২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ন তারকার মামলাকে নির্বাচনী হাতিয়ার বানাতে পারবেন ট্রাম্প?

সাবেক পর্ন তারকার সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার মামলায় মঙ্গলবার ম্যানহটনের আদালতে বিচারকের মুখোমুখি হচ্ছেন ডনাল্ড ট্রাম্প।

পর্ন তারকার মামলাকে নির্বাচনী হাতিয়ার বানাতে পারবেন ট্রাম্প?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 03:11 PM

Updated : 04 Apr 2023, 03:15 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পুরো জীবন ‘সকল প্রচারই ভালো প্রচার’ এই তত্ত্ব প্রমাণের চেষ্টায় কাটিয়ে দিয়েছেন; এবার ফৌজদারি মামলার আসামি হিসেবে আদালতে তার উপস্থিতি সেই তত্ত্বের আদৌ কোনো সীমা থাকতে পারে কিনা, তার-ই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নেবে।

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প, যে কারণে মঙ্গলবার ম্যানহাটনের আদালতে বিচারকের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

এই মামলাটি তাকে প্রচারের আলোয় ফিরিয়ে এনেছে; আদালতে হাজির হতে সোমবার ফ্লোরিডার মার-আ-লগো থেকে তার নিউ ইয়র্ক যাত্রা যুক্তরাষ্ট্রের বেশকিছু টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে। মঙ্গলবার আদালতের পুরো প্রক্রিয়ায় তার আচরণ কেমন হবে, তিনি কী উদ্ধতভাবে হাসবেন, নাকি সংযমী আর গুরুগম্ভীরভাবে নিজেকে উপস্থাপন করবেন, সে ব্যাপারেও সাবেক এই প্রেসিডেন্ট তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন বলেই মনে হচ্ছে।

Image

ট্রাম্পের সমর্থক জন ম্যাকগুইগান। ছবি: বিবিসি

এ পুরো বিষয়টি কারও মনঃপুত হোক বা না হোক, আদালতে হাজিরার এই দিনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারেরও একটি ইভেন্ট। সে কারণেই, ট্রাম্প এ ফৌজদারি মামলাকে নির্বাচনী হাতিয়ার বা সম্পদে পরিণত করতে পারবেন কিনা, সেই প্রশ্নও উঠছে বলে এক প্রতিবেদনে বলেছে বিবিসি।

গত সপ্তাহে ট্রাম্পকে অভিযুক্ত করার পর থেকে তার নির্বাচনী তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে (তাদের ভাষ্য অনুযায়ী, ৮০ লাখ ডলারের বেশি), তা গর্বের সঙ্গে জানিয়েছে ট্রাম্প শিবির। প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী অন্যদের সঙ্গে তার ব্যবধান যে আরও বেড়েছে, জনমত জরিপকে উদ্ধৃত করে তাও বলছে তারা।

মামলার প্রয়োজনে অভিযুক্তদের মুখমণ্ডলের ছবি লাগে, যা মাগশট হিসেবে পরিচিত। কিন্তু ট্রাম্পের মত সুপরিচিত একজন, যিনি একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার মাগশট তোলার প্রয়োজন হবে কিনা তা স্পষ্ট নয়। অবশ্য ইতোমধ্যেই হোয়াইট হাউসে তার একসময়ের মুখপাত্র হোগান গিডলি রসিকতা করে বলেছেন, “(মাগশট তুললে) সেটি হবে সর্বকালের সবচেয়ে পুরুষোচিত সুদর্শন ছবি।”

ট্রাম্প শিবির যে এমন উদ্ধত সাহসী আচরণ করবে, তা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। কিন্তু এই মামলার কারণে রিপাবলিকান দলের ভেতরেই ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা যেভাবে তার পক্ষে আসতে বাধ্য হয়েছেন সে দিকটি বিশেষভাবে লক্ষ্য করার মতো।

যেমনটা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, “রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে আইনি ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার আইনের শাসনের পুরোপুরি বিপরীত।”

ট্রাম্পের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আমেরিকান বিচার ব্যবস্থা সম্পর্কে বিশ্বকে একটি ‘ভয়ানক বার্তা’ দিয়েছে।

ডিস্যান্টিস আর পেন্স সেটাই বলছেন, যেটা তাদের সমর্থকরা শুনতে চান।

এসবে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত এই পর্যায়ে, দলীয় প্রার্থী মনোনয়ন দৌড়ে ফৌজদারি এই মামলাকে নিজের সুবিধায় কাজে লাগাতে পারবেন।

কিন্তু সাধারণ নির্বাচনে এই কৌশল উল্টো ফলও দিতে পারে।

বিবিসির এক প্রতিবেদক বলেছেন, জর্জিয়া থেকে উইসকনসিন জুড়ে তিনি অনেক নিরপেক্ষ বা সিদ্ধান্তহীন ভোটারদের সঙ্গে কথা বলেছেন; যারা তাকে বলেছে, ট্রাম্প যখন দায়িত্বে ছিলেন সেসময় তার নীতিকে তারা পছন্দ করলেও তাকে ঘিরে যে বিশৃঙ্খলা আর নাটকীয়তা চলছে, সেটি নিয়ে তারা এখন বিরক্ত।

মামলাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসে ট্রাম্প সেইসব ভোটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন, ২০২৪ সালের নির্বাচনে জিততে যাদের ভোট তার খুবই দরকার।

তবে ট্রাম্পের কট্টর সমর্থকরা এমনটা মানছেন না।

এদেরই একজন, জন ম্যাকগুইগানের মতে, আদালতের এই বিচার ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভালোই সাহায্য করবে।

“যারা ইতোমধ্যে ধরেই নিয়েছেন ট্রাম্প হলেন শয়তানের প্রতিমূর্তি, বিচারে ফলাফল যাইহোক, তারা এতে প্রভাবিত হবেন না; যেমনটা হবেন না ট্রাম্পের গোঁড়া সমর্থকরাও।

“তবে এই দুইয়ের মাঝামাঝি যেসব ভোটাররা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মামলা ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারের ক্ষতির কারণ না হয়ে সম্পদের চেয়েও বেশিকিছু হতে পারে”, সোমবার ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের বাইরে দাঁড়িয়ে এমনটাই বলেন তিনি।

আরও পড়ুন-

পুরনো খবর:

আদালতে হাজির হতে নিউ ইয়র্কে অভিযুক্ত ট্রাম্প
ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, বিশ্বাস ভক্তদের
ট্রাম্পের ভাগ্যে এখন কী
ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলসের মধ্যে আসলে কী হয়েছিল
ট্রাম্পের অভিযুক্ত হওয়া ‘যুক্তরাষ্ট্রের আত্মবোধে আঘাত’
ট্রাম্পকে নগ্নও দেখেছি, আর কীসের ভয়: স্টর্মি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফৌজদারি মামলায় অভিযুক্ত