ইসরায়েলের পক্ষ নিয়ে আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌঁসুলি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ইঙ্গিত দিয়েছেন।
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
কংগ্রেসের এক শুনানিতে ব্লিঙ্কেন বলেন, ‘অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি ‘সংকল্পব্ধ’।
আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে রিপাবলিকানদের চাপের মধ্যে ব্লিঙ্কেন এমন মন্তব্য করলেন। আইসিসি-র ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে এ সপ্তাহেই ভোটাভুটি হতে পারে।
গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রি-ট্রাইল চেম্বার ১-এ আবেদন করেন করিম খান।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য নয়। তবে এর আগে ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানাসহ আদালতটির অন্যান্য বিচারকাজকে সমর্থন জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মার্কিন সেনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক বিচারব্যবস্থা আছে এমন দেশের অভ্যন্তরীন বিষয়ে আইসিসি-র নাক গলানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নকে ব্লিঙ্কেন সমর্থন করবেন কি না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এর জবাবে বলেন, “দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি যথাযথ সমাধান খুঁজে পাওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আর তা করতে আমি বদ্ধপরিকর। একরোখা সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদেরকে যে যথাযথ পদক্ষেপ নিতে উদ্যোগী হতে হবে সেটি প্রশ্নাতীত।”
গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আদালতের তদন্ত জোরদার হওয়ায় এরই মধ্যে আইসিসি-র ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে দুটি বিল উত্থাপন করা হয়েছে।
গত ৭ মে দুই রিপাবলিকান কংগ্রেস সদস্যের উত্থাপিত বিল ‘ইলেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট’ অনুযায়ী, আইসিসি যুক্তরাষ্ট্রের সুরক্ষিত ব্যক্তি ও তাদের মিত্রদের বিরুদ্ধে মামলা স্থগিত না করলে সংশ্লিষ্ট আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধকরাসহ তাদের বর্তমান মার্কিন ভিসা প্রত্যাহার এবং দেশটিতে লেনদেনও নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান-নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের অন্তত ৩৭ জন আইনপ্রণেতা বিলটি কো-স্পনসর করছেন।
